- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বঙ্গবন্ধুর জন্মদিনে অন্যরকম ভালোবাসা প্রকাশ করলেন চা বিক্রেতা রাজু

ইয়াকুব শাহরিয়ার, শান্তিগঞ্জ
বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা তো অনেকেই প্রকাশ করেন। গতানুগতিক ধারায় বিশেষ দিবসগুলোতে শ্রদ্ধা নিবেদন করে থাকেন অনেকেই। কিন্তু ভালোবাসার এ মানুষটির প্রতি ভিন্ন রকমের শ্রদ্ধা প্রকাশ করেছেন শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারের চা বিক্রেতা রাজ উদ্দিন ওরফে রাজু (২৫)।
বৃহস্পতিবার ছিলো বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। দিনটিকে ঘিরে সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতায় নানা আয়োজনও ছিলো। তবে দিনটি ভিন্ন ভাবে পালন করেছেন চা বিক্রেতা রাজ উদ্দিন ওরফে রাজু। আদর্শবান প্রিয় নেতার জন্মদিন উপলক্ষে সামর্থ অনুযায়ী প্রায় ৩০ জন অসহায়, দরিদ্র ও ভিক্ষুক শ্রেণির মানুষকে খাইয়েছেন চা-বিস্কুট। তাঁদের কাছে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফিরাতের জন্য দোয়াও চেয়েছেন তিনি।
বৃহস্পতিবার বিকালে রাজুর চায়ের দোকানে গিয়ে দেখা যায়, ভিক্ষুক অথবা দরিদ্র শ্রেণির লোকজন আসলেই তাঁকে চা খাওয়াচ্ছেন। সাথে বিস্কুট দিচ্ছেন একেবারেই বিনামূল্যে। চা-বিস্কুট খেয়ে উঠার সময় বলছেন, ‘বঙ্গবন্ধুর জন্য দোয়া করবেন।’
এ নিয়ে কথা হয় রাজুর সাথে। রাজু বলেন, জন্মের পর থেকেই দেখে এসেছি আমার বাবা-চাচারা আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। শেখ মুজিবুর রহমানের কথা শুনে শুনে বড় হয়েছি। সেই থেকে তাঁর প্রতি ভালোবাসা জন্মেছে আমার। কিন্তু আমি রাজনীতি করি না। রাজনীতিবিদদের মতো ভালোবাসা প্রকাশ করার সময় ও সুযোগ নেই আমার। আমার নেতাকে (বঙ্গবন্ধুকে) ভীষণ শ্রদ্ধা করি। দোকান রেখে উঠতে পারি না। তাই দোকানেই একটি উদ্যোগ নিয়েছি সামর্থ অনুযায়ী। মনে মনে ভেবেছি ৩০ জন মানুষকে চা বিস্কুট খাওয়াবো। এ পর্যন্ত (বিকাল ৪টা পর্যন্ত) ১৬/১৭ জনকে চা বিস্কুট খাইয়েছি। বাকী সময়ে ৩০ জন হয়ে যাবে।
রাজ উদ্দিন ওরফে রাজুর চায়ের দোকান পাগলা বাজারের কান্দিগাঁও গলির কান্দিগাঁও কেন্দ্রিয় জামে মসজিদ মার্কেটে। তিনি কান্দিগাঁও গ্রামের বাতির আলীর ৫ম সন্তান। তিনি প্রবীণ আওয়ামীলীগ নেতা, বিশিষ্ট মুরব্বি রজব আলীর ভাতিজা। দীর্ঘদিন ধরে এ জায়গাতেই তিনি চায়ের ব্যবসা করে আসছেন।

  • [১]