স্টাফ রিপোর্টার
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদ জানাতে সুনামগঞ্জের হাজারো মুক্তিযোদ্ধা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। গত বুধবার দুপুরে শহরের কালেক্টরেট প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল করে আলফাত স্কয়ারে এসে মানববন্ধনে মিলিত হন তাঁরা। ঘণ্ঠাব্যাপি চলা এই মানববন্ধনে মুক্তিযোদ্ধারা ছাড়াও নানা শ্রেণিপেশার মানুষ এসে যোগদান করেন।
মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিট কমান্ডের সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ দে’র সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ সুনামগঞ্জ জেলা ইউনিট কমান্ডের সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুল মোমেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলী আমজাদ, অ্যাডভোকেট রইছ উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা শাহ্ আলম, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মকছুদুল আলম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটন, সাংবাদিক শামস শামীম প্রমুখ।
বক্তারা বলেন, জাতির জনকের ভাস্কর্য ভাঙার ধৃষ্টতা দেখিয়ে কোটি বাঙালির হৃদয়ে রক্তকরণ ঘটিয়েছে একটি দেশদ্রোহী চক্র। তাদের ধৃষ্টতা একজন দেশপ্রেমিক বাঙালিও মানতে পারছেন না। গ্রামে গ্রামে প্রতিবাদ হচ্ছে। যারা এই ঘটনা ঘটিয়েছে, এঁরা বাংলাদেশকে মানতে পারে না, বাঙালির অগ্রগতি এরা সহ্য করতে পারে না। বঙ্গবন্ধুর জ্যেষ্ট কন্যার নেতৃত্বে বাংলাদেশ যে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, এটি মানতে পারছে না তাঁরা। এরা বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়। এই বিভ্রান্ত ধর্মান্ধদের কঠোর শাস্তি দিতে হবে। যাতে জাতির জনককে অপমান করার সাহস আর কোনদিন দেখায় না এরা।