স্টাফ রিপোর্টার
বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক কমিটি গঠন নিয়ে আইনজীবীদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। ১৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটির সিংহভাগ সদস্য কমিটি গঠনে কিছুই জানেন না বলে দাবি করেছেন।
গত ১৯ ফেব্রুয়ারি দৈনিক সুনামগঞ্জের খবরে ‘বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের আহবায়ক কমিটি গঠন’ শিরোনামে প্রকাশিত সংবাদের তথ্য সঠিক নয় এবং ওই নতুন কমিটি সম্পর্কে কিছুই অবগত নন বলে জানিয়েছেন ১১ আইনজীবী। ওই বিবৃতিতে ১১ জন আইনজীবী জানিয়েছেন, নতুন এই কমিটি গঠনে তাদের কোন সমর্থন বা সম্মতি ছিল না।
বিবৃতি প্রদান
করেছেন অ্যাড. মোহাম্মদ আবুল আশরাফ, অ্যাড. মোহাম্মদ জমির উদ্দিন, অ্যাড. অরুনাভ দাস, অ্যাড. বুরহান উদ্দিন, অ্যাড. শফিকুল ইসলাম, অ্যাড.লাবনী বেগম, অ্যাড. শামীম মাহমুদ, অ্যাড. জুবায়ের আবেদীন, অ্যাড. জুনেদ আহমদ, অ্যাড. তনয় চক্রবতী ও অ্যাড. অসিত কুমার দাস।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি দলীয় প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে জানানো হয়েছিল, অ্যাড. আনোয়ার হোসেনকে আহবায়ক ও অ্যাড. আবুল হোসেনকে সদস্য সচিব করে ১৪ সদস্য বিশিষ্ট বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ১৬ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সাংগঠনিক সম্পাদক কমিটির অনুমোদন দিয়েছেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, অ্যাড. মোহাম্মদ আবুল আশরাফ, অ্যাড. মোহাম্মদ জমির উদ্দিন, অ্যাড. অরুনাভ দাস, অ্যাড. বুরহান উদ্দিন, অ্যাড. শফিকুল ইসলাম, অ্যাড. লাবনী বেগম, অ্যাড. শামীম মাহমুদ, অ্যাড. জুবায়ের আবেদীন, অ্যাড. পিকলু রায়, অ্যাড. মাসুদুল হক সর্দার (সুমেল), অ্যাড. তনয় চক্রবর্তী ও অ্যাড. অসিত কুমার দাস।
বিবৃতি দাতা অ্যাড. বুরহান উদ্দিন নতুন কমিটি গঠনের বিষয়ে বলেন,‘বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক কমিটি গঠন সম্পর্কে আমরা কিছুই জানি না। এই কমিটি গঠনে আমাদের সাথে কোন আলোচনাই হয়নি। আমরা নতুন কমিটি গঠন বা অনুমোদন সমর্থন করিনি। আমরা যতদূর জানি একই নামে অ্যাড. আলম নূর হীরা আহবায়ক ও অ্যাড. মাজহারুল ইসলাম সদস্য সচিব হিসাবে আগে থেকেই একটি কমিটি রয়েছে। নতুন যে কমিটি গঠন করা হয়েছে, এতে বিএনপির আদর্শ লালনকারী দুই জন আইনজীবী রয়েছেন। ’
নতুন কমিটি গঠনের বিষয়ে অ্যাড. আনোয়ার হোসেন বলেন, ‘আমাদের কমিটিকে ভুয়া বলার প্রশ্নই উঠে না। কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমাদের কমিটি অনুমোদন দিয়েছেন। কমিটির অনেকেই আমাদের সাথে আছেন। ’
অ্যাড. আলম নূর হিরা বলেন,‘ অ্যাড. আনোয়ার হোসেন যে কমিটি এনেছেন তা ভুয়া কমিটি। এই কমিটির সদস্যরাই কমিটি গঠনে বিষয়ে কিছুই জানেন না। কমিটির ১১ জন সদস্য ইতোমধ্যে কমিটি থেকে পদত্যাগ করেছেন। বিএনপিপন্থী আইনজীবীদের ওই কমিটির সদস্য করা হয়েছে। পুরো বিষয়টি আমরা কেন্দ্রীয় কমিটির সভাপতি-সমাধারণ সম্পাদককে অবগত করেছি। তারা বলেছেন এই কমিটি সম্পর্কে কিছুই জানেন না।’ তিনি দাবি করেন তাঁদের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি রয়েছে।