স্টাফ রিপোর্টার
জেলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুনন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্ট শুরু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯ টায় টুর্নামেন্টের উদ্বোধন করেন- জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। এই টুর্নামেন্ট চলবে ২৬ অক্টোবর পর্যন্ত। সুনামগঞ্জ সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সোলেমান মিয়ার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক আইনুন আক্তার পান্না। এসময় সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাজ্জাদ ও গকুল চন্দ্র দেবনাথ, সুনামগঞ্জ সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বিশ্বম্ভরপুর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনুকূল চন্দ্র দাস, দক্ষিণ সুনামগঞ্জের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল বারেক ও দোয়ারাবাজার উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রায়হানুল হক, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক রেজুয়ানুল হক রাজা প্রমুখ উপস্থিত ছিলেন।
বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টে জেলার ১০ টি প্রাথমিক বিদ্যালয় দল এবং বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টে ১০ টি প্রাথমিক বিদ্যালয় দল অংশ নিয়েছে।
সকালে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশ নেয় সদর উপজেলার আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জগন্নাথপুরের মিনহাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলায় আলমপুর ১-০ গোলে জয়লাভ করে।
বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের খেলা শেষে দুপুর ১ টা থেকে শুরু হয় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট। এই পর্বে ধর্মপাশা লঙ্কা পাথরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দিরাই উপজেলার নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশ নেয়।
উদ্বোধনী পর্বে বক্তব্য রাখার সময় জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম বলেন,‘এই টুর্নামেন্টে যারা অংশ গ্রহণ করছে, তাঁদের মধ্য থেকেই একদিন হয়তোবা জাতীয় দলে অংশগ্রহণকারী খেলোয়াড় তৈরি হবে। খেলাধুলায় শিশুদের উৎসাহিত করা সংশ্লিষ্ট সকলের দায়িত্ব ।’