- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জে ভর্তি কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার
বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত অস্থায়ী ক্যাম্পাসে ভর্তি কার্যক্রম চলে। প্রথমদিন ভর্তি হয়েছেন ২২ শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মনোজিৎ মজুমদার। ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ৫০ জন এ ইমেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী হবেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও ভর্তি কমিটির সদস্য ডা. মো. জসিম উদ্দিন শরিফী বলেন, ডুংরিয়া গ্রামের নাঈমুর রহমান কে ভর্তির মাধ্যমে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে আজ। সুনামগঞ্জবাসীর জন্য আজ খুবই আনন্দের দিন। স্বাস্থ্য শিক্ষা ও স্বাস্থ্য সেবায় এলাকার জনগণের জন্য আজ মাইলফলক স্থাপিত হলো। এজন্য মাননীয় পরিকল্পনা মন্ত্রী মহোদয় ও মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মনোজিৎ মজুমদার বলেন, ভর্তি কার্যক্রম সুষ্ঠু ভাবেই চলছে। আমাদের এখানে প্রথমদিনেই ২২ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। প্রতিদিন সকাল ৮ থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে এ ভর্তি কার্যক্রম।
সদর উপজেলার কাঠইরে নির্মিতব্য বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জের একাডেমিক ভবনের কাজ শেষ না হওয়া পর্যন্ত নবনির্মিত দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া শিক্ষার্থীদের পাঠদান চলবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব বদরুন নাহার গেল বছরের ২৬ ফেব্রুয়ারি পাঠানো চিঠিতে উল্লেখ করেছিলেন, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জসহ ১৭টি মেডিকেল কলেজে এবার ২৮২টি আসন বাড়ানো হয়েছে। এবার অনুষ্ঠিত এমবিবিএস ভর্তি পরীক্ষায় ৪৭টি সরকারি মেডিকেল কলেজের তালিকায় শেষের নাম ছিল বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জের।
আপাতত দক্ষিণ সুনামগঞ্জের নবনির্মিত স্বাস্থ্য কমপ্লেক্সের ছয়টি চারতলা স্টাফ কোয়ার্টার ভবনকে শিক্ষার্থী ও শিক্ষকদের আবাসিক ভবন এবং চারতলা হাসপাতাল ভবনকে একাডেমিক ভবন হিসেবে কাজে লাগানো হবে। এই কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার বাসভবনকে মেডিকেল কলেজের অধ্যক্ষের বাসভবন হিসেবে ব্যবহার করা হবে।
উল্লেখ্য, সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইরে (সুনামগঞ্জ-সিলেট সড়কের দিরাই-শাল্লা-জামালগঞ্জ সড়ক মোড়ে) ৩৫ একর জমির ওপর শুরু হয়েছে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল সুনামগঞ্জের ক্যাম্পাস নির্মাণের কার্যক্রম। মেডিকেল কলেজ এবং ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের জন্য ১১০৭ কোটি ৮৭ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ভূমি অধিগ্রহণ ব্যয় ছিল ২৫ কোটি ২৮ লাখ টাকা। ৫০০ শয্যার হাসপাতাল ভবন, মেডিকেল কলেজ ভবন, অডিটোরিয়াম, ছাত্রাবাস, ডক্টরস ডরমিটরি, ডক্টরস আবাসিক ভবন ইত্যাদি পূর্ত খাতে এবং বৈদ্যুতিক কাজে ব্যয় ৮৩৯ কোটি ৮২ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৮১ কোটি টাকা ব্যয়ে যৌথভাবে রাজধানীর ডেল্টা কনসোর্টিয়াম ও বঙ্গবিল্ডার্স ৯ তলা একাডেমিক ভবনের কাজ করছে। এ ছাড়া এই মেডিকেল কলেজ ক্যাম্পাসে নার্সিং কলেজ একাডেমিক ভবনসহ পুরুষ ও নারীদের আলাদা আটতলা ছাত্রাবাস ভবন নির্মাণকাজ শুরু হয়েছে।

  • [১]