স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা পর্যায়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকাল ৫টায় জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিছবাহ।
জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রেজাউল করিম, জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাড. হায়দার চৌধুরী লিটন প্রমুখ।
উদ্বোধনী খেলায় পৌর কলেজ ১-০ গোলে বিশ্বম্ভরপুর উপজেলার মেরুয়াখলা মোমিনিয়া ফাজিল মাদ্রাসা কে হারিয়ে জয়ী হয়। এদিকে দ্বিতীয় ম্যাচে তাহিরপুর উপজেলার বাদাঘাট সরকারি কলেজ ১-০ গোলে বিশ্বম্ভরপুর দিগেন্দ্র বর্মন সরকারি কলেজ হারায়।
উল্লেখ্য, ফুটবল টুর্নামেন্টে পর্যায়ক্রমে জেলার ১৬ টি কলেজ টিম অংশগ্রহণ করেছে। আগামী ১১ জুন অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা।