স্টাফ রিপোর্টার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘‘মেমোরি অব দ্য’ ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’’-এ অন্তর্ভুক্তির মাধ্যমে ‘বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য’র স্বীকৃতি লাভ করায় দেশব্যাপি উৎসব’এর আয়োজন করা হচ্ছে। এটি বাঙালি জাতির অসামান্য অর্জন। এই অর্জনকে উদযাপন করা হবে গ্রামে-গঞ্জে পাড়া মহল্লায়। আগামী ২৫ নভেম্বর সকাল ১০ টায় দেশের সবকয়টি নগর, জেলা ও উপজেলায় এই উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ দিনব্যাপি অনুষ্ঠান হবে। বুধবার বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার বিকাল ৪ টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত ভিডিও কনফারেন্সর মাধ্যমে দেশের সকল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত জেলা পর্যায়ের কর্মকর্তা এবং সুধীজনদের সঙ্গে এই বিষয়ে কথা বলেন।
এই সময় কবির বিন আনোয়ার বলেন,‘৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘‘মেমোরি অব দ্য’ ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’’-এ অন্তর্ভুক্তির বিষয়টি বাঙালি জাতির গৌরবের, এটি স্মরণে রাখা এবং নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর দৃঢ়তা, বিচক্ষণতা এবং বলিষ্ট নেতৃত্ব তুলে ধরার জন্যই এই আয়োজন।’ তিনি বলেন,‘ইউনিয়ন পরিষদ থেকে বঙ্গবন্ধুর ৭ মার্চের বর্ণাঢ্য মিছিল যখন উপজেলায় আসবে। পথে পথে অনেকেই বঙ্গবন্ধুর ভাষণ শুনবেন। বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করবেন।’ তিনি সকল বিভাগীয় কমিশনার, সিটি কর্পোরেশনের মেয়র, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ রাজনৈতিককর্মী ও সুশীল সমাজের সকল ব্যক্তিবর্গকে এই আয়োজন সফলেরও অনুরোধ জানান।
ভিডিও কনফারেন্স শেষে তাৎক্ষণিক আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন- জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম।
বক্তব্য রাখেন- পুলিশ সুপার মো. বরকতুল্লাহ্ খান, পৌর মেয়র আয়ুব বখ্ত জগলুল, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুল আবেদীন প্রমুখ।
সভায় সিদ্ধান্ত হয়, ২৫ নভেম্বর সকাল ১০ টায় কালেক্টরেট চত্বর থেকে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রা সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হবে। ওখানে চলবে সাংস্কৃতিক আয়োজন। সুনামগঞ্জ সদর উপজেলার সকল ইউনিয়ন এই কর্মসূচির সঙ্গে যুক্ত থাকবে। কর্মসূচি সফলের জন্য আজ (বৃহস্পতিবার) সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হবে।