- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বজ্রপাতে ৬ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন। ঈদের পরদিন রবিবার বেলা ১১ টার দিকে জেলার বিভিন্ন হাওরে এই হতাহতের ঘটনা ঘটে। তখন বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছিল। নিহত ও আহত ব্যক্তিদের সবাই হাওরে ধান কাটায় ছিলেন। নিহতদের মধ্যে তিনজন ছাতক, দুইজন দোয়ারাবাজার ও একজনের বাড়ি তাহিরপুর উপজেলায়। নিহতদের পরিবারের কাছে সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসক রবিবার বিকালেই আর্থিক সহযোগিতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জেলা বিএনপি ও জেলা কৃষকদলের নেতারা সোমবার সহায়তা পৌঁছে দিয়েছেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, রবিবার বেলা ১১ টার দিকে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। আকস্মিক বজ্রপাতে হাওরে ধান কাটার সময় পৃথকস্থানে এই ব্যক্তিরা মারা যান। নিহতরা হলেন- ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের পশ্চিম দেবেরগাঁও গ্রামের মহিম মিয়া (১৮), পশ্চিম বড়কাপন গ্রামের আরশ আলী (৫৮), চরমহল্লা ইউনিয়নের চরদুর্লব গ্রামের আবদুস সামাদ (২৫), দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের রনভূমি গ্রামের তারা মিয়া (৩০), ফতেপুর গ্রামের মিলন মিয়া (১৪), তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের কুকুরকান্দি গ্রামের বাসিন্দা বাদাঘাট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী রমজান আলী (১৬)। একই সময়ে তাহিরপুরে মুকিদ মিয়া (২৫) ও দোয়ারাবাজারে নিজাম উদ্দিন (৩০) নামের দুজন বজ্রপাতে আহত হয়েছেন।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মইনুল জাকির বলেছেন,’ সবাই হাওরে ধান কাটায় ছিলেন। আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তাহিরপুর উপজেলায় বজ্রপাতে একজনের মৃত্যু ও একজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন।
জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী জানান, বজ্রপাতের মৃত্যুর খবর পাওয়ার পরই সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে সহায়তার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আর্থিক সহায়তা পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তারা সেটি পৌঁছে দিয়েছেন।
সোমবার দুপুরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নিহতদের বাড়ি বাড়ি গিয়ে সহায়তা পৌঁছে দেন, জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল ইসলাম নুরুল, জেলা কৃষক দলের আহ্বায়ক আনিসুল হক, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, জেলা কৃষক দলের সদস্য সচিব ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক শামছুল হক নমু, জেলা কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম প্রমুখ।

  • [১]