- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বনগাঁও কমিউনিটি ক্লিনিকের দরজা বন্ধ- হেল্থ প্রোভাইডার নির্বাচনের প্রার্থী

স্টাফ রিপোর্টার
গ্রামীণ স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান কমিউনিটি ক্লিনিকের হেলথ প্রোভাইডার সরকারি একটি প্রকল্পের অধিনে সরকারি কর্মচারী। সরকারি কর্মচারী অবসর যাওয়ার আগে কোন ধরনের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই। কিন্তু সবাইকে অবাক করে সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের বনগাঁও কমিউনিটি ক্লিনিকের হেল্থ প্রোভাইডার জিয়াউর রহমান সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৬ নং ওয়ার্ডে সদস্য পদে অংশগ্রহণ করেছেন বলে অভিযোগ উঠেছে। জিয়াউর রহমান অটো রিকশা মার্কায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। হেলথ প্রোভাইডার জিয়াউর নির্বাচনে তাই  বনগাঁও কমিউনিটি ক্লিনিকের দরজা বর্তমানে তালাবদ্ধ রয়েছে। তবে সদর উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. গৌতম রায় জানিয়েছেণ স্বাস্থ্য সহকারিদের দিয়ে ওই কমিউনিটি ক্লিনিক চালু রাখা হয়েছে।
জেলা পরিষদ নির্বাচনে জিয়াউর রহমানের অংশগ্রহণের বিষয়টি সম্প্রতি জানাজানি হওয়ায় এলাকার মুক্তিযোদ্ধাগণ বুধবার জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন। এলাকাবাসীর পক্ষে অভিযোগ করেছেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শাহ আলম, মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, আব্দুল খালেক, ইকবাল হোসেন, মন্তাজ আলী, আব্দুল আলী, নূর মিয়াসহ ১১ জন মুক্তিযোদ্ধা।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের তেরাপুর গাসীগাঁও গ্রামের বাসিন্দা আলমাছ মিয়ার ছেলে জিয়াউর রহমান স্থানীয় বনগাঁও কমিউনিটি ক্লিনিকের হেলথ প্রোভাইডার। কিন্তু জিয়াউর রহমান একজন সরকারি কর্মচারী হয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছ থেকে এক মাসের ছুটি নিয়ে সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৬ নং ওয়ার্ডের সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন। তিনি নির্বাচনে অংশ নেয়ায় বনগাঁও কমিউনিটি ক্লিনিকটি বর্তমানে বন্ধ রয়েছে।
লিখিত আবেদনে মুক্তিযোদ্ধাগন আরো উল্লেখ করেন, জিয়াউর রহমান নির্বাচনী হলফনামায় তার শিক্ষাগত যোগ্যতা অনার্স পাস দাবি করেছেন। তবে নির্বাচনী প্রচারণায় তিনি নিজেকে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির একজন সদস্য বলে পরিচয় দিচ্ছেন। অথচ জিয়াউর রহমান সুনামগঞ্জ আইনজীবী সমিতির কোন সদস্য নয়।
অভিযুক্ত সদস্য প্রার্থী জিয়াউর রহমান বলেন,‘ আমি অর্জিত ছুটি নিয়েছি। আমার চাকুরী টি একটি প্রকল্পের, এই প্রকল্পের মেয়াদও ডিসেম্বরই শেষ। নির্বাচন অফিসের সাথে কথা বলেই আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। আমি শিক্ষানবীশ আইনজীবী হিসাবে কাজ করছি। সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে আমার আবেদন করা আছে। তবে কোথায় আমি নিজেকে আইনজীবী হিসাবে পরিচয় দেইনি। আমার প্রতি ঈর্ষান্বিত হয়ে এই মিথ্যা অভিযোগ করা হয়েছে।’
সদর উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. গৌতম রায় বলেন, ‘জিয়াউর রহমান জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করছেন কি না। এই বিষয়টি আমাদের জানা নেই, সে ছুটি নিয়েছে। বনগাঁও কমিউনিটি ক্লিনিকটি আমরা স্বাস্থ্য সহকারিদের দিয়ে চালু রাখার চেষ্টা করেছি। যদি সে নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে।’
সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম বলেন,‘ কমিউনিটি ক্লিনিক সরকারি এক প্রকল্পের অধিনে চলে। হেল্থ প্রোভাইডার জিয়াউর রহমানের নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়টি আমি শুনার পরপরই প্রকল্প পরিচালককে অবগত করেছি। এখন প্রকল্প পরিচালকই তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। ’

  • [১]