- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বন্ধুত্বের পূর্বদিগন্ত আস্থাশীল হোক

মহা চীনের সাথে মহাভারতের সম্পর্ক ঐতিহাসিক কালের। সুপ্রাচীন এই সভ্যতা দুইটি ইতিহাসের বিভিন্ন বাঁকে পারষ্পরিক দেয়া-নেয়ায় সমৃদ্ধ হয়েছে। পরিব্রাজক হিউএনসাঙ সুপ্রাচীন ভারতীয় সভ্যতার কথা তথা আমাদের বাংলাদেশ অঞ্চলের কৃষ্টি-সভ্যতাকে সারা বিশ্বে প্রচার করেছিলেন। আমাদের মহান স্বাধীনতা সংগ্রামে চীনের বিতর্কিত ভূমিকার কারণে চীন-বাংলাদেশ সম্পর্ক প্রতিকূল ছিল দীর্ঘদিন। ১৯৭৫ পরবর্তী পটপরিবর্তনের পর বিএনপি ও তৎকালীন প্রেসিডেন্টে জিয়াউর রহমানের হাত ধরে চীনের সাথে সম্পর্কোন্নয়নের কাজ শুরু হয়। এই সম্পর্ক নানা বিশ্বাস-অবিশ্বাসের দোলাচলে এরপর কখনও বাড়ে কখনও কমে। তবে রাজনৈতিক সম্পর্কের বাইরে অর্থনৈতিক সম্পর্ক বরাবরই চীনের সাথে রমরমা অবস্থায় থেকেছে। অন্য দেশে উদ্ভাবিত প্রযুক্তির অনুকরণের মধ্য দিয়ে চীন বিশ্বব্যাপী যে সস্তা মালামাল সরবরাহে দক্ষতা অর্জন করতে পেরেছে  তার কারণে উন্নয়নশীল দেশগুলোতে চীনা পণ্যের অবাধ ব্যবসায় বাংলাদেশও বাইরে থাকতে পারেনি। একসময় তৈরি পোশাক বাণিজ্য প্রতিযোগিতায় বাংলাদেশকে চীনের সাথে প্রতিযোগিতায় অবতীর্ণ হতে হয়েছিল। অবশ্য ওই প্রতিযোগিতায় জিৎ হয়েছে বাংলাদেশেরই। ভারত-চীন বৈরি সম্পর্ক বরাবরই চীনের সাথে বাংলাদেশের সম্পর্ককে জটিল অবস্থায় রেখেছে। এত জটিলতার মধ্যেও চীনা প্রেসিডেন্টের বাংলাদেশ সফর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ পররাষ্ট্রনীতিমালার পরিচায়ক। শুক্রবার চীনা প্রেসিডেন্টের উপস্থিতিতে অবকাঠামো উন্নয়ন খাতে চীনা সহায়তার ২৪ বিলিয়ন ডলারের চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই ফলপ্রসু ও তাৎপর্যম-িত ভ্রমণের মধ্য দিয়ে শেখ হাসিনা বিশ্বব্যাপী যে বার্তাটি ছড়িয়ে দিতে চেয়েছেন সেটি হলো, সারা বিশ্বে আমাদের বন্ধু রয়েছে- কোন প্রভু নেই। ভারত তোষণ রব তুলে শেখ হাসিনাকে যারা এতদিন কুপোকাৎ করার কসরতে নিয়োজিত ছিলেন নিশ্চিতভাবেই প্রেসিডেন্ট শি জিনপিং এর ঢাকা সফর তাদেরকে দারুণভাবে নিরাশ করেছে। আমরা জাতীয় স্বার্থ সংরক্ষণ তথা বিশ্বব্যাপী বন্ধুত্ব সম্প্রসারিত করার এই পররাষ্ট্রনীতিকে স্বাগত জানাই।
অর্থনৈতিক বিবেচনায় চীনের দেড় শ’ কোটি মানুষের বিশাল বাজারে বিভিন্নভাবে বাংলাদেশের প্রবেশের সুযোগ রয়েছে। এর মধ্যে তৈরি পোশাক হলো অন্যতম একটি পণ্য। বাংলাদেশ প্রত্যাশিতভাবেই চীনা বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকারের দাবি জানিয়েছে। চীনা প্রেসিডেন্টও এই অনুরোধ বিবেচনার আশ্বাস দিয়েছেন।
সকলের মনে রাখা দরকার বর্তমান অর্থনৈতিক কূটনীতিতে দাতাকর্ণ হয়ে কেউ কিছু বিলিয়ে দিতে আসে না। সবাই নিজেদের জাতীয় স্বার্থকে প্রাধান্য দেয়। চীন যেমন নিজেদের ভূরাজনৈতিক-অর্থনৈতিক স্বার্থের কারণেই বাংলাদেশের সাথে সম্্পর্কোন্নয়নকে গুরুত্ব দিচ্ছে আমাদেরও তেমনি জাতীয় স্বার্থ অক্ষুণœ রেখেই তাতে সাড়া দিতে হবে। এক্ষেত্রে একই সাথে চীন ও ভারতের মতো আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তিধর দুই রাষ্ট্রের সাথে শেখ হাসিনার সরকার সঠিক পথেই এগোচ্ছে বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। আমরা এই সম্পর্কোন্নয়নের বিষয়টিকে স্বাগত জানাই। রাজনৈতিক আদর্শ হিসাবে চীন এখনও কমিউনিস্ট ভাবাদর্শের কথা বলছে বটে কিন্তু কার্যত চীন এখন একদলীয় শাসন ব্যবস্থার আওতায় একটি পূঁজিবাদী দেশ ভিন্ন আর কিছু নয়। পূঁজিবাদ সর্বাবস্থায় মুনাফার বিষয়টিকে প্রাধান্য দেয়। আমাদের নীতি নির্ধারকদের বিবেচনায় নিশ্চয়ই এই বিষয়টি গভীর ভাবেই রয়েছে। সুতরাং আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠার চীনের যে উচ্চাভিলাষ সেখানে যাতে বাংলাদেশ দাবার ঘুঁটি হিসাবে ব্যবহৃত না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখা আবশ্যক বলে আমরা মনে করি। চীনের সাথে সম্পর্কোন্নয়ন বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে একটি ভারসাম্যপূর্ণ অবস্থায় নিয়ে যেতে পারে। এই নিরিখে আমরা পূর্বমুখী বন্ধুত্বের সম্প্রসারণের বিষয়টিকে একটি ইতিবাচক বিষয় হিসেবে দেখতে আগ্রহী।

  • [১]