- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বন্ধু দিবস বন্ধু: কি খবর বল?

মাহবুবুল হাছান শাহীন
আগস্ট মাস আমাদের জাতীয় জীবনে সবচেয়ে বেদনার মাস। জাতির জনকের সঙ্গে নির্মমতা আমাদের প্রতিনিয়ত দ্বগ্ধ করে, আতংকে কেঁপে উঠি বারবার। আগস্ট মাসের ৭ তারিখ আবার বিশ্ব বন্ধু দিবস। ‘বন্ধু’ বললেই চোখের সামনে ভেসে উঠে সবচেয়ে কাছের মানুষের প্রিয় মুখ। যেখানে, কোন সংজ্ঞায় সংজ্ঞায়িত করার ক্ষমতা নেই কারো। আমাদের মতো চল্লিশ ছুঁই-ছুঁই মানুষের পেছন ফিরে বন্ধুদের কথা মনে পড়ে বার-বার। বন্ধুত্বের সংজ্ঞা যেমনই হোক, প্রথমেই চোখের সামনে ভেসে উঠে স্কুল বন্ধুদের কথা। চলার পথে অনেকের সঙ্গেই হয়তো তেমন করে যোগাযোগ হয়ে উঠে না, তারপরও পেছন ফিরে তাকালে নষ্টালজিক হতে হয়। সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ব্যাচ ৯৩ এর বন্ধুদের কথা বলতে হয়। অনেকেই আজ সমাজে সুউচ্চ আসনে অধিষ্ঠিত। বন্ধুরা, সবার কথাই মনে পড়ে। তবুও সব সময় সবার সঙ্গে যোগাযোগ হয়ে উঠে না। এসএসসি পাশের পর কলেজে ভর্তি হলাম। সুনামগঞ্জ সরকারি কলেজ। ব্যাচ ৯৫। স্কুল বন্ধু অনেকেই চলে গেল বিভিন্ন কলেজে। নতুন নতুন অনেকের সাথে বন্ধুত্ব গড়ে উঠলো। প্রথমবার পেলাম মেয়ে বন্ধু। তারপর ভর্তি হলাম বিশ্ববিদ্যালয় কলেজে। ব্যাবস্থাপনা বিভাগ, মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজ। আমি একাই সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে এসেছি। অত:পর বাকিরা একেবারেই ভিন্ন পরিবেশের। আবারও অনেকের সঙ্গেই বন্ধুত্ব হলো। নির্মল বন্ধুত্ব, যেখানে ব্যক্তি স্বার্থের কোন দ্বন্দ্ব নেই। পড়াশোনার বাইরেও বিভিন্ন মানুষের সঙ্গে বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতে বন্ধুত্ব গড়ে উঠে। সিনিয়র-জুনিয়র এখানে আর বাধা হয়ে দাঁড়ায় না। স্বার্থহীন চলতি পথে সম্পর্কের জের রয়ে যায় গভীরে। অনেকের সঙ্গেই যোগাযোগ রয়ে গেছে। আবার অনেকের সঙ্গেই ইচ্ছে থাকলেইও যোগাযোগ সম্ভব হয় না।
আজ বন্ধু দিবস। পৃথিবীর সকল বন্ধুদের প্রতি রইল বন্ধুত্বের ভালোবাসা। যে সম্পর্ক মোহিত করে সারা জীবন। সকল বন্ধুদের চিৎকার করে বলতে ইচ্ছে হয়,‘বন্ধু, কি খবর বল’?
লেখক: প্রাক্তন জুবিলীয়ান ও সহকারী সম্পাদক, দৈনিক সুনামগঞ্জের খবর।

  • [১]