- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর দিচ্ছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালমনাই এসোসিয়েশন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে শতাব্দির ভয়াবহ বন্যায় ঘরবাড়ি হারানো ১০ পরিবারকে ঘর নির্মাণ করে দিচ্ছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালমনাই এসোসিয়েশন। বুধবার দুপুরে সুনামগঞ্জ শহরতলির মোল্লাপাড়ায় গৃহ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
নির্মাণ কাজের উদ্বোধন করেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার—উল—আলম (পারভেজ) ও মহাসচিব মোল্লা মোহাম্মদ আবু কাওছার। পরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার—উল—আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের মহাসচিব মোল্লা মোহাম্মদ আবু কাওছার, যুগ্ম সচিব আফজালুর রহমান, শেখ সালাউদ্দিন আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী, মোল্লাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হক প্রমুখ।
বন্যায় ক্ষতিগ্রস্ত দিনমজুর আব্দুস ছাত্তার ঘর পাওয়ার সংবাদে খুব খুশি। বললেন, ‘বন্যায় ঘরটা গেছে, ধান—পান যা আছিল, সব গেছে, মাথাগুজার কোন ব্যবস্থা নাই। যারা মাথা গুজার ব্যবস্থা করে দিতরা, মহাল রাব্বুল আলামিনের কাছে তারার লাগি দোয়া করি।’
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার—উল—আলম বললেন, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন দেশের মানুষের বিপদে পাশে থাকার চেষ্টা করে। এর অংশ হিসাবে সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের প্রথম পর্যায়ে ১০ টি ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। এই সহায়তা অব্যাহত থাকবে। আমরা সব সময় মানুষের পাশে আছি।

  • [১]