স্টাফ রিপোর্টার
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে বেসরকারি টেলিভিশন ও রেডিও সংবাদ উপস্থাপকদের সংগঠন নিউজ ব্রডকাস্টার এলায়েন্স অব বাংলাদেশ (এনবিএ)।
শুক্রবার জগন্নাথপুর উপজেলার হলদিপুর ইউনিয়নের চিলাউড়া দারুচ্ছুন্নাহ হাফিজিয়া আলিম মাদ্রাসায় দিনব্যাপী এই চিকিৎসা সেবা প্রদান করা হয়। সকাল ৮ টা থেকে শুরু হওয়া ফ্রি মেডিকেল ক্যাম্পে বিকাল ৫টা পর্যন্ত চলে। এসময় দুই হাজার মানুষ চিকিৎসা ও বিনামূল্যের ওষুধ গ্রহণ করেন। ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ভাসকুলার সার্জারী বিভাগের প্রধান ও মাই টিভির সিনিয়র সংবাদ উপস্থাপক ডা. সাকলায়েন রাসেলের নেতৃত্বে ঢাকা ও সুনামগঞ্জের ৩০ জন চিকিৎসক এই মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন। হৃদরোগ, চর্ম রোগ, চক্ষু বিভাগ সহ ৯ বিভাগের চিকিৎসকরা এলাকাবাসীকে চিকিৎসা ও ওষুধ সহায়তা দেন।
মেডিকেল টিমের আহবায়ক ডা. সাকলায়েন রাসেল বলেন, বন্যা কবলিত সুনামগঞ্জ এলাকায় পানিবাহিত রোগ সহ নানা রোগ বালাই আছে। মানুষের আর্থিক ক্ষমতা কমে গেছে। এই অবস্থায় মানবিক বিবেচনা থেকে আমরা চিকিৎসা সেবা নিয়ে হাজির হয়েছি। এখানে এসে আমরা প্রচুর সাড়া পাচ্ছি। নারী ও শিশু রোগীর উপস্থিতি বেশি এখানে।
ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের প্রধান ডা মামুন আল মাহতাব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আ.লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ আজাদ ডন। এসময় আরো উপস্থিত ছিলেন এনবিএ’র সভাপতি ও এনটিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার মুমতাহিনা রিতু, মেডিক্যাল ক্যাম্পের প্রধান ডা. সাকলায়েন রাসেল, এনবিএ সাধারণ সম্পাদক জাভেদ কারদার, এনটিভির নিউজ প্রেজেন্টার রাইসুল ইসলাম, তাসলিমা নাহিদ প্রমুখ।
স্থানীয় চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল বলেন, সম্প্রতিকালে ভয়াবহ বন্যায় তছনছ করে দিয়েছে হাওরপারের মানুষকে। বন্যা পরিবর্তী এ সঠিক সময়ে ঢাকা ও সিলেটের বিজ্ঞ চিকিৎসদের অংশগ্রহণে ইউনিয়নের অসহায় ও হতদরিদ্র লোকজনকে দিনভর বিনামূল্য চিকিৎসা দেয়ার পাশাপাশি ঔষধ বিতরণ করা হয়েছে। এটি সত্যিই একটি মহৎ উদ্যোগ। আমি সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এনবিএ প্রেসিডেন্ট মুমতাহিনা রীতু জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বাংলাদেশের সুবিধা বঞ্চিত মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছে এনবিএ। দু’দফা বন্যায় সুনামগঞ্জের মানুষ নানা রোগবালাইয়ে ভুগছে। এনবিএ সুনামগঞ্জের দুর্গত মানুষের পাশে দাঁড়াতে ও মানুষকে চিকিৎসা দেবা দিতে দিনব্যাপী বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করেছে। সেই সাথে বিনামূল্যে ওষুধও দেয়া হয়েছে।
ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানের ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কাযনিবাহী কমিটির নির্বাহী সদস্য আজিজুস সামাদ আজাদ ডন। তিনি স্থানীয় সাংবাদিকদের জানান, চক্ষু পরীবিক্ষণ, নাক, কান, গলা, হৃদরোগ, বক্ষব্যাধি, পরিপাক, লিভার, কিডনী রোগ, ডায়াবেটিস ও হরমোন, চর্ম, যৌনরোগ, প্রসুতি, ধাত্রীবিদ্যা, স্ত্রীরোগ, বাত, ব্যাথা, প্যারালাইসিস, নিউরোমেডিসিন ও দন্তরোগ বিভাগে ৮ ভাগে বিভক্ত হয়ে বিশেজ্ঞ চিকিৎসকরা বন্যায় ক্ষতিগ্রস্ত রোগিকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।