আমিনুল ইসলাম, স্বপন কুমার বর্মন, অমিত দেব ও আশিক মিয়া
কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সকল নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬ টায় সুরমা নদীর পানি সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্টে বিপদ সীমার ৫৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পাহাড়ী ঢল অব্যাহত থাকায় জেলার সীমান্ত নদী যাদুকাটা, চেলা, চলতি নদীর পানি বেড়ে জেলার তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও দোয়ারাবাজারের নিচু এলাকা প্লাবিত হয়েছে।
গতকাল শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জ অঞ্চলের গড় বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে ১২৫ মিলিমিটার। বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা দেখা দিবে বলে আশংকা করছেন জনপ্রতিনিধিসহ বিভিন্ন এলাকার স্থানীয় লোকজন। নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় কূল উপচে বিভিন্ন এলাকার নি¤œাঞ্চলে প্রবেশ শুরু হয়েছে। দুর্যোগ মোকাবেলায় সুনামগঞ্জ জেলা প্রশাসন শুক্রবার বিকাল ৫ টায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আগাম জরুরি সভা করেছেন। পাহাড়ী ঢলে তলিয়ে গিয়ে তাহিরপুর-সুনামগঞ্জ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
তাহিরপুরে পাহাড়ী ঢলে সড়ক ও জনপথের আনোয়ারপুর-ওয়েজখালী সড়ক তিনটি স্থানে ভেঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। অপরদিকে
আনোয়ারপুর বাজারের ৫০টি দোকান ঘর ও দোকানের মালামাল ঢলের পানিতে ভাসিয়ে নিয়ে গেছে। তবে কোন ব্যবসায়ী আহত হননি। বাজারের রাস্তার উপর দিয়ে পানি গড়াচ্ছে।
বালিজুড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া ও আনোয়ারপুর বাজারের ব্যবসায়ী মিলন তালুকদার বলেন,‘শুক্রবার ভোর রাতে হঠাৎ করে পাহাড়ি ঢলের পানি যাদুকাটা নদী উপচে গিয়ে আনোয়ারপুর বাজারের ৫০ দোকান ঘরের মালামাল পানির তোড়ে ভাসিয়ে নেয় এবং বাজারের পাকা রাস্তা স্থানে স্থানে ভেঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।
ভারী বৃষ্টিপাত ও পাহাড়ী ঢলে যাদুকাটা, মাহারাম, রক্তি নদীর পানি বিপদসীমা অতিক্রম করে নি¤œাঞ্চলের ৫০টিরও বেশী গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে ৫০ হাজারেরও বেশী মানুষ। যাদুকাটা ও মাহারাম নদীর পানি বিপদসীমার উপর দিয়ে অতিক্রম করায় এসকল নদী থেকে বালি পাথর উত্তোলনকারী প্রায় ২০ হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। অন্যদিকে বড়ছরা শুল্ক ষ্টেশনে পাহাড়ি ছড়া দিয়ে ঢলের পানি নেমে এসে শতাধিক কয়লার ডিপো প্লাবিত হয়েছে। এতে ১০ হাজার কয়লা পরিবহন শ্রমিক বেকার হয়ে পড়ে।
অপরদিকে নদী ও হাওরের পানি একাকার হয়ে নদী তীরবর্তী ও হাওরপারের গ্রামগুলো ঝড়ো হাওয়ায় বিশাল ঢেউয়ের আঘাতে ভাঙ্গনের মুখে পড়েছে।
জানা যায়, পাহাড়ী ঢলের পানিতে প্লাবিত গ্রামগুলো হলো, তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের রাজধরপুর, রামজীবনপুর, সাহেব নগর, পৈন্ডুপ, গোপালপুর, মারালা, নোয়ানগর, নোয়াগাঁও, ইক্রামপুর, জগদীশপুর, সাহসপুর, সুলেমানপুর, উমেদপুর, আনন্দনগর, পাটাবুকা, ভবানীপুর, দুমাল, লামাগাঁও উত্তর শ্রীপুর ইউনিয়নের বিনোদপুর, ইন্দ্রপুর, পানিয়াখালী, জয়পুর, গোলাবাড়ী, ছিলানি তাহিরপুর, ভোরারঘাট, কামালপুর জামালপুর, মাটিয়ান, তাহিরপুর সদর ইউনিয়নের জামালগড়, গোবিন্দশ্রী, ভাটি তাহিরপুর, রতনশ্রী, ঠকুরহাটি, দক্ষিণ বড়দল ইউনিয়নের জামলাবাজ, টাকাটুকিয়া, রসুলপুর, কাউকান্দি, কামারকান্দি, বাদাঘাট ইউনিয়নের ধরুন্দ, কাঞ্চনপুর, ইউনূছপুর পাতারগাঁও ।
এছাড়া উত্তর বড়দল বাদাঘাট, বালিজুড়ি. উত্তর শ্রীপুর ও দক্ষিণ বড়দল ইউনিয়নের বিভিন্ন এলাকায় রোপা আমন ধানের ৩ হাজার একর জমির বীজতলা ও শাকসব্জির ক্ষেত ঢলের পানিতে প্লাবিত হয়ে ব্যপক ক্ষতি হয়েছে বলে কৃষকগণ জানিয়েছেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন,‘পাহাড়ি ঢলের পানিতে ভেঙ্গে যাওয়া আনোয়ারপুর বাজার ও আনোয়ারপুরÑওয়েজখালী সড়ক দেখার জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের প্রকৌশলীকে পাঠানো হয়েছে।
বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুর উপজেলায় গত কয়েক দিনের টানা বর্ষণের ফলে ও পাহাড়ী ঢলের পানিতে বন্যায় বিভিন্ন ইউনিয়নের ৪০ হাজার মানুষ পানিবন্দী অবস্থায় দিন যাপন করছেন বলে জানা গেছে। শুক্রবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনার কমিটির সভায় বিষয়টি নিশ্চিত করেছেন এলাকার ইউপি চেয়ারম্যানরা। বন্যায় উপজেলা সদর, উপজেলা পরিষধ এলাকা, থানা প্রাঙ্গণ, মডেল উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, বিশ্বম্ভরপুর বাজারের গলি, হাসপাতাল আবাসিক পাড়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান বন্যার পানিতে প্লাবিত হয়েছে।
শুক্রবার সকাল থেকে পানি বাড়তে শুরু করে। বাদাঘাট (দ.) ইউনিয়নের যাদু কাটা পাহাড়ী নদী দিয়ে ও ধোপাজান চলতি পাহাড়ী নদী দিয়ে পাহাড়ী ঢলের পানি প্রবল বেগে প্রবাহিত হচ্ছে। বৃহত্তর খরচার হাওরে বাতাসে প্রবল ঢেউ উঠে অনেক বাড়ীঘর ক্ষতিগ্রস্ত হচ্ছে।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত হওয়ায় ও রাস্তা ঘাট ডুবে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এ অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীরা যাওয়া আসা অসম্ভব হয়ে পড়েছে। উপজেলার পলাশ, ধনপুর, বাদাঘাট (দ.) ও সলুকাবাদ ইউনিয়নের বিভিন্ন স্থানে রোপা আমন বীজতলা, আউশ ধান ও শাকসবজি তলিয়ে গেছে। শুক্রবার দুপুরে উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার আহবানে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রাথমিক তথ্য সংগ্রহের মাধ্যমে জানা যায় ৪০ হাজার মানুষ পানি বন্দী অবস্থায় রয়েছে। বন্যায় বিভিন্ন গ্রামে কাঁচা ঘরবাড়ীর ক্ষতি হচ্ছে বলে ইউনিয়ন চেয়ারম্যানগণ জানান। বন্যা কবলিত জনসাধারণের সহায়তা প্রদানের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট ত্রাণ সহায়তার জন্য আহবান করা হয়। তবে এপর্যন্ত সরকারি কোন ত্রাণ বিতরণ করা হয়নি। শুক্রবার সকালে সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম বিশ্বম্ভরপুর উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে গেছেন।
দোয়ারাবাজার
দোয়ারাবাজারে উপজেলায় পাহাড়ি ঢল আর অতিবৃষ্টির কারণে সুরমা নদীর পানি এখন বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উপজেলার নি¤œাঞ্চল পাহাড়ি ঢল বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে। টানা বৃষ্টিপাতের কারণে উপজেলার প্রায় অর্ধ শতাধিক গ্রামের মানুষজন পানিবন্দী রয়েছেন।
টানা বৃষ্টিপাতের কারণে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার কয়েকটি রাস্তা পানির নিচে তলিয়ে গেছে। রাস্তাগুলো পানির নিচে তলিয়ে যাওয়াতে উপজেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, নরসিংপুর, বাংলাবাজার, বোগলাবাজার, লক্ষিপুর ও সুরমা ইউনিয়নের।
পানিবন্দী রয়েছে সদর ইউনিয়নের রাখালকান্দি, রায়নগর, বাগরা, সুন্দরপই, বড়বন্দ, গুচ্চগ্রাম, তেগাঙ্গা, মাইজখলা, আংশিক নৈনগাঁও গ্রাম। সুরমা ইউনিয়নের শরিপপুর, ভোজনা, বৈটাখাই, নুরপুর, সুনাপুর, আলীপুর, নন্দিগ্রাম, ইসলামপুর, কাউয়াগড়, উমরপুর গ্রাম। এদিকে সুরমা ইউনিয়নের রাবার ডাম্পের ভাঙ্গা বেড়ি বাঁধটি মেরামত না করার কারণে পাহাড়ি ঢলের পানি মহব্বতপুর বাজারে ঢুকে বাজারের সকল দোকান পাট পানির নিচে তলিয়ে যায়। উপজেলার সকল রোপা আমন ক্ষেতে সদ্য রোপণকৃত রোপা আমন ধান ও সকল বীজতলা পানির নিচে তলিয়ে গেছে।
পানি বাড়ার সাথে সাথে সুরমা নদীর ভাঙ্গনও তীব্র আকার ধারণ করেছে।
সদর ইউনিয়নের তেগাঙ্গা গ্রামের বাসিন্দা রহমত আলী বলেন,‘সকাল থেকেই একটানা বৃষ্টি হচ্ছে। যে ভাবে পানি বাড়ছে রাতেও যদি একইভাবে বৃষ্টি হয় তাহলে আমাদের ঘর বাড়ি ডুবে যাবে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক বলেন,‘ অতিবৃষ্টির কারণে সুরমা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে বইছে। উপজেলার সকল রোপা আমন ফসলের বীজতলা ও সদ্য রোপণকৃত আমন ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে।
জগন্নাথপুর
জগন্নাথপুর পৌরশহরে ভারি বর্ষণে ঘর বাড়ীসহ প্রায় দেড়শতাধিক দোকানপাট পানিবন্দী হয়ে পড়েছে। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষজনকে। শুক্রবার ভোর রাত থেকে ভারি বর্ষণ হওয়ায় এই অবস্থা তৈরি হয়েছে।
ব্যবসায়ীদের অভিযোগ পানি নিস্কাশনের কোন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে বন্যার রূপ নেয়। ওই সড়কের পাশের নিকটস্থ ব্যবসায়ী সিপন আহমদ বলেন, বৃষ্টির পানিতে সড়কটি ডুবে গিয়ে আমার দোকানে পানি ঢুকে গেছে। এ সমস্যা নিত্যদিনের। বৃষ্টি এলে দুর্ভোগে পড়তে হয়। সংকট নিরসনে কর্তৃপক্ষ উদাসীন।
এদিকে ভারি বর্ষণ শহরের প্রধান ব্যস্ততম এলাকা জগন্নাথপুর টিএন্ডটি সড়কটি ডুবে গেছে। ওই সড়কে র্দীঘদিন যাবত কোন সংস্কার কাজ না হওয়ায় চলাচলে অনুপযোগি হয়ে পড়েছে। ওই সড়কের পাশের ড্রেনটি অকেজো হয়ে পড়ায় পানি নিস্কাশন হচ্ছে না।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিক ভুইয়া জানিয়েছেন, সুরমা নদীর পানি ঘোলঘর পয়েন্ট এলাকায় সন্ধ্যায় ৬ টায় ৮. ৮২ মিটার পিডব্লিউডি সে.মি দিয়ে প্রবাহিত হচ্ছিল। অর্থাৎ বিপদ সীমার ৫৭ সে. মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল পানি। এছাড়া জেলার বিভিন্ন পাহাড়ি নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জের গড় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১২৫ মিলিমিটার।