স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে জুন মাসের ভয়াবহ বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের সরইবন গ্রামের জামে মসজিদ। দেখার হাওরের পাড়ে থাকা এই মসজিদটি ঢেউয়ে ক্ষতিগ্রস্ত হয় বেশি। স্থানীয় বাসিন্দারা মসজিদটি সংস্কারে সকলের সহায়তা চেয়েছেন।
মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা জানান, বন্যার সময়ে হাওরের ঢেউয়ে মসজিদের পূর্ব, দক্ষিণ ও উত্তর দিকের পাকা দেয়াল ধসে পড়েছে। মসজিদের একটি কাঁচাঘর ভেঙে গেছে। এখন ইমাম-মুয়াজ্জিন থাকার ব্যবস্থা নেই। মসজিদ প্রাঙ্গণে প্রবেশের গেইটও ভেঙে পড়েছে পানির প্রবল ¯্রােতে। মসজিদের পুকুর ও গাছ-পালা এবং মসজিদের যাতায়াত সড়কেরও মারাত্মক ক্ষতি হয়েছে।
মসজিদের অজুখানা নেই, বারান্দার গেইট নেই, সিলিং ফ্যান পর্যাপ্ত নেই। দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত ও অবহেলিত সরইবন গ্রামের জামে মসজিদ। ৩৫ বছর আগে ৩২ শতক জায়গার উপর এলাকাবাসী নির্মাণ করেন এই মসজিদ। এই মসজিদে প্রতি শুক্রবার জুম্মার নামাজে প্রায় দেড় শতাধিক মুসল্লির সমাগম ঘটে। নানা সমস্যা সমাধানে স্থানীয়রা মসজিদ উন্নয়নের দাবি জানান।
মসজিদের মুসল্লি আলকাছ আলী বলেন, আমাদের এই মসজিদের কোনো উন্নয়ন নেই। বছরের পর বছর কেটে যাচ্ছে। কিন্তু একটি অজুখানা নির্মাণ করা সম্ভব হচ্ছে না। পুকুরের গোলা পানি দিয়ে অজু করতে হচ্ছে মুসল্লিদের। আমরা মসজিদের উন্নয়ন চাই।
মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. শুকুর আলী ও সভাপতি আব্দুল মালিক বলেন, আমাদের এই মসজিদ নির্মাণের পর থেকে সরকারী বা বেসরকারী কোনো অনুদান পাওয়া যায়নি। কয়েক বার চেষ্টা করা হয়েছে। এবারের বন্যায় মসজিদটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন মসজিদটি সংস্কারে সরকারি-বেসরকারি সহায়তা প্রয়োজন।