- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বন্যায় মোহনপুর ইউপির ব্যাপক ক্ষতি

জয়নগর বাজার সংবাদদাতা
সাম্প্রতিক বন্যায় সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের ব্যাপক ক্ষতি হয়েছে। নষ্ট হয়ে গেছে শত শত একর আমন ধানের চারা । ইউনিয়নের অভ্যন্তরিণ সবক’টি রাস্তার একাধিক স্থানে ভাঙ্গনের সৃষ্টি হয়ে লোক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সুরমা নদীর উত্তর পাড়ের ব্রহ্মোত্তর হতে রামনগর পর্যন্ত সাতটি গ্রামের শতাধিক পরিবার পানিবন্দি রয়েছেন। এ সাতটি গ্রামের প্রায় অধিকাংশ রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির অভাব। পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পৌঁছেনি এই এলাকায়।
এদিকে যাতায়াতের ভালো ব্যবস্থা না থাকায় প্রায় প্রতি বছর বন্যার সময় ডাকাতেরা এই এলাকায় হানা দেয় বলে অভিযোগ রয়েছে। ফলে প্রতি বছরের মতো ডাকাত ঠেকাতে পালা করে গ্রাম পাহাড়া দিচ্ছেন সুরমা নদীর তীরবর্তি গ্রামের মানুষ।
সরজমিনে দেখা যায়, মোহনপুর গ্রাম হতে পৈন্দা বাজার পর্যন্ত নির্মাণাধিন প্রধান রাস্তাটির অধিকাংশ জায়গা বন্যায় তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। পৈন্দা মসজিদ সংলগ্ন ও মোহনপুর কবরস্থানের পাশে বড় আকাড়ের দুটি ভাঙ্গনসহ মোট ১২টি স্থানে ভেঙ্গে গেছে রাস্তটি। ডুবে যাওয়াসহ সব স্থানে দেখা দিয়েছে অসংখ্য খানাখন্দক। ভাঙ্গনগুলোতে বাশের সাঁকো নির্মাণ করে কোন রকমে লোক চলাচল করলেও যানচলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। পৈন্দা বাজার থেকে পুরাতন পৈন্দা সড়কটি এখনও বন্যার পানিতে তলিয়ে আছে। নরুল্লা গ্রামের সড়কেও দেখা দিয়েছে একাধিক ভাঙ্গন।
মোহনপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান নুরুল হক জানান, বন্যায় মোহনপুর ইউনিয়নের ক্ষতি হয়েছে সবচেয়ে বেশী। যা নিজ চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। বিপদগ্রস্ত মানুষের জন্য প্রচুর ত্রাণ সামগ্রী প্রয়োজন। সেই সাথে নদী পথে রাতে পুলিশি টহলের ব্যবস্থা করার জন্য জোর দাবি জানান তিনি।

  • [১]