স্টাফ রিপোর্টার
কারাবন্দী সিলেট সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীকে আজ (রোববার) সুনামগঞ্জের দিরাই আমল গ্রহণকারী আদালতে হাজির করা হবে। ২০০৪ সালের ২১ জুন দুপুরে আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের সভা চলাকালে মঞ্চের পাশে গ্রেনেড বিস্ফোরণ ঘটনায় জড়িত অভিযোগে শ্যুন অ্যারেস্ট দেখানোর জন্য তাকে আদালতে হাজির করা হবে।
২০০৪ সালের ২১ জুন দুপুরে আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের সভা চলাকালে মঞ্চের পাশে গ্রেনেড বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় আরিফ-গউছ জড়িত বলে দাবি করা হচ্ছে।
প্রয়াত অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলা বিচারাধীন থাকাবস্থায় সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় গ্রেনেড হামলাতে আসামি করা হয় আরিফুল হক চৌধুরী ও জিকে গউছকে। ইতিমধ্যে ওই মামলায় তাদের গ্রেফতারের জন্য আদালতের কাছে আর্জি জানানো হয়। মামলার তদন্ত কর্মকর্তা এই আবেদন করেছেন।
২০০৪ সালের ২১ জুন দুপুরে সুরঞ্জিত সেনগুপ্তের নির্বাচনী এলাকা সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরের জগন্নাথ জিউর মন্দিরের কাছে জনসভা চলছিল। সভা চলাকালে মঞ্চের পাশে গ্রেনেড বিস্ফোরণ ঘটে।
আদালত সূত্রে জানা গেছে, আরিফ-গউছকে অভিযুক্ত করে তাদের গ্রেফতার দেখাতে গত ২০ জুলাই আবেদন করেন মামলার তদন্তকারি কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) হবিগঞ্জ জোনের সহকারী পুলিশ সুপার বসু দত্ত চাকমা।
আদালতে করা আবেদনে বসু দত্ত চাকমা উল্লেখ করেন- ‘প্রাথমিকভাবে সাক্ষ্যপ্রমাণে সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় গ্রেনেড হামলার ঘটনায় আরিফুল হক চৌধুরী ও জিকে গউছের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাচ্ছে।’
সুরঞ্জিত সেনগুপ্তের জনসভা মঞ্চের পাশে ওইদিন হামলায় ঘটনাস্থলে ওয়াহিদ মিয়া নামে এক যুবলীগ কর্মী নিহত ও ২৯ জন আহত হন। হামলার সময় সুরঞ্জিত সেন গুপ্ত অল্পের জন্য রক্ষা পান। এ ঘটনায় ওইসময় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে দিরাই থানায় মামলা দায়ের করেছিলেন এসআই হেলাল উদ্দিন।
অ্যাড. শেরেনূর আলী ও অ্যাড. আব্দুল হক জানিয়েছেন, ‘আরিফুল হককে শ্যুন অ্যারেস্ট দেখানোর জন্য আজ দিরাই আমল গ্রহণকারী আদালতে হাজির করা হবে’।