- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বর্তমান সরকারের আমলে হাওয়া ভবন হয়নি -এমএ মান্নান

মো. আশিক পীর
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন,‘বর্তমান সরকার সৎ-স্বচ্ছ ও জবাবদিহিতার মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করছে, এই সরকারের আমলে কোন হাওয়া ভবন তৈরি হয়নি, ৩ বছর হয় সরকারের মন্ত্রী হিসাবে কাজ করছি, প্রধানমন্ত্রী’র ছেলের কোন ফোন পাইনি, এতেই প্রমাণ হয় এই সরকারের সকল মন্ত্রীরা স্বাধীনভাবে কাজ করছেন। বর্তমান সরকার বাংলাদেশকে সম্মানজনক রাষ্ট্র হিসাবে গড়ে তোলতে চায়, হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রীস্টান সকলের রাষ্ট্র এটি, বোমাবাজি এবং কুপিয়ে মানুষ হত্যা করে রাষ্ট্রকে বিশ্বের কাছে ছোট করার অপচেষ্টা হচ্ছে, এটি রোধ করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে’।
শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় ছাতকের দক্ষিণ খুরমা, চরমহল্লা ও উত্তর খুরমা ইউনিয়নে সম্প্রতি টর্নেডো ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মধ্যে নগদ
৫ লাখ টাকা ও ৭০ মে.টন চাল বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বর্তমান সরকারের শাসনামলে সুনামগঞ্জের সুরমা নদীতে আব্দুজ জহুর সেতু নির্মাণ, আড়াই’শ কোটি টাকা ব্যয়ে সুনামগঞ্জ-সিলেট সড়কে ১১ টি সেতু নির্মাণসহ নানা উন্নয়ন কর্মকা- তুলে ধরে এম এ মান্নান বলেন- ‘জগন্নাথপুরের রানীগঞ্জে কুশিয়ারা নদীতে ১৪০ কোটি টাকা ব্যয়ে সিলেট বিভাগের বৃহৎ সেতু’র কাজ শীঘ্রই শুরু হচ্ছে। ছাতকের সুরমা নদীতেও সেতু নির্মাণ হবে, দোয়ারাবাজারে সুরমা নদীতে স্থানীয় মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান ইদ্রিছ আলী বীরপ্রতীকের দাবি অনুযায়ী ‘মুক্তিযোদ্ধা সেতু’র কাজ বর্তমান সরকারের শাসনামলেই শুরু হবে। বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজও হবে। ধর্মপাশা- নেত্রকোনা হয়ে ময়মনসিংহের সঙ্গে সড়ক যোগাযোগ স্থাপন হবে’।
এম এ মান্নান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের, বিশেষ করে গ্রামের মানুষের উন্নয়নের জন্য নানা পরিকল্পনা গ্রহণ করেছেন। অথচ. যারা উন্নয়ন চায় না, যারা বাংলাদেশ চায় না, তারা আমাদের নেত্রী শেখ হাসিনাকে হত্যা করার পরিকল্পনা করে উন্নয়ন-অগ্রযাত্রা স্তব্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করছে। এরা নির্বাচনে আসে না, আবার পৃথিবীজুড়ে বলে বেড়ায় নির্বাচনে আসতে দেওয়া হয়নি তাদের’।
এম এ মান্নান বলেন,‘বিগত সময়ে এতিম খানার টাকাও আত্মসাৎ হয়েছে, এসব দুর্নীতির প্রমাণ বেরোচ্ছে’। তিনি বিএনপি-জামায়াতকে উদ্দেশ্য করে বলেন,‘এরা কান্নাকাটি করলেও মানুষ রাজপথে নামে না, নিত্যপণ্যের দাম কমেছে। সার-কীটনাশকের দামও কমেছে। অথচ তাদের সময় কৃষকরা দিনভর লাইনে দাঁড়িয়ে সার-কীটনাশক পায়নি’।
বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন,‘আওয়ামী লীগের সরকার ক্ষমতায় এলেই গ্রামের মানুষের উন্নয়ন হয়, এই বছর ৩ লাখ ৪০ হাজার কোটি টাকার যুগান্তকারী বাজেট ঘোষণা হয়েছে দেশের মানুষের উন্নয়নের জন্য’। তিনি ছাতক দোয়ারাবাসী’র সকল যোগাযোগ সড়কের কাজ এই সরকারের সময়কালেই শেষ করার আশ্বাস দিয়ে বলেন, ‘সরকারের উন্নয়ন যাত্রা সহ্য করতে পারছে না, বিএনপি-জামায়াত, তারা নানা ষড়যন্ত্র করছে’। তিনি উন্নয়ন কাজে সকলকে ঐক্য থাকার আহ্বান জানান।
ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুলের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার হারুন অর রশিদ, দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান ইদ্রিছ আলী বীরপ্রতীক, পল্লী বিদ্যুতের সিলেট-সুনামগঞ্জ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী জগলুল হায়দার, সুনামগঞ্জের জিএম সোহেল পারভেজ প্রমুখ।
পরে ৭৫ লাখ টাকা ব্যয়ে একই ইউনিয়নের শাখাইতি-ভোলাখালি গ্রামের ১৩৯ পরিবারকে দেওয়া বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী এমএ মান্নান ও স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। এর আগে সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কদর মিয়ার সভাপতিত্বে এখানে আলোচনায় সভা অনুষ্ঠিত হয়।
গত ২১ এপ্রিল রাতে প্রচ- ঝড়ে ছাতকের দক্ষিণ খুরমা, চরমহল্লা ও উত্তর খুরমা ইউনিয়নের ১৫ টি গ্রামের প্রায় সহ¯্রাধিক ঘরবাড়ি বিধ্বস্থ হয়। ঝড়ে  নিহত হন একজন, আহত হন শতাধিক। মানুষ খোলা আকাশের নিচে আশ্রয় নেয়। ক্ষতিগ্রস্ত এসব পরিবারকে এরপর থেকে স্থানীয় প্রশাসন এবং প্রবাসীরা বিভিন্নভাবে সহায়তা করে আসছেন।

  • [১]