সু.খবর ডেস্ক
বর্তমান সরকার দেশে সুষ্ঠু নির্বাচন করবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয়তাবাদী প্রজন্ম ‘৭১-এর উদ্যোগে ‘ষোড়শ সংশোধনী বাতিলের রায় ও আইনের শাসন প্রতিষ্ঠায় করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘বর্তমান সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। ক্ষমতায় থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এত লুটপাট, দুর্নীতি, খুন ও গুম করেছেন যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে তাদেরকে জেলখানায় যেতে হবে। এজন্যই এই সরকার গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক তা চায় না।’
তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি বর্তমান সরকার প্রধান বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন করবেন না। এমনকি দেশে গণতন্ত্র আনতে ও প্রতিষ্ঠিত হতে দেবেন না।’
লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য প্রসঙ্গে গয়েশ্বর বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে এমন বেমানান ও অশোভন কথাবার্তা বলেন যেসব কথার উত্তর হয় না।
ওবায়দুল কাদেরের সমালোচনা করে তিনি বলেন, প্রতিদিন ওবায়দুল কাদেরের ঘুরতে যে টাকা ব্যয় হয় সেই টাকা দিয়ে ৫০ মাইল রাস্তা নির্মাণ করা যায়।
ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের প্রসঙ্গ টেনে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে গয়েশ্বর বলেন, এই সরকারের মুখোশ সুপ্রিম কোর্ট রায় দিয়ে জনগণের কাছে পরিষ্কার করে দিয়েছে। এখন নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপন। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, সাবেক সাংসদ সৈয়দ আসিফা আশরাফি পাপিয়া প্রমুখ।