বর্ষবরণের অনুষ্ঠান পালনে সরকারি বিধিনিষেধ অনেকটা মাথা ব্যথা সারাতে মাথা কেটে ফেলার মতো হয়েছে। বিকাল ৬ টার মধ্যে অনুষ্ঠান শেষ করা ও মঙ্গল শোভাযাত্রায় মুখোশ পড়ার উপর সরকার নিষেধাজ্ঞা জারি করেছেন। সরকারি এই বিধি নিষেধ শুধু রাজধ্নাী ঢাকার জন্য নাকি সারা দেশেই এটি প্রযুক্ত হবে সে বিষয়ে আমরা পরিষ্কার নই। তবে ঢাকার সংস্কৃতি সংগঠকরা সরকারি এই সিদ্ধান্ত না মানার সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার সম্মিলিত সাংস্কৃতিক জোট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দেয়া শেষ করে দেশবাসীর উদ্দেশ্যে তাঁদের এই সিদ্ধান্ত অবহিত করেছেন। গত বছর বর্ষবরণের অনুষ্ঠানে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী লাঞ্ছনার পর এবার বর্ষবরণের অনুষ্ঠানের নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলেন সকলে। এখন নিরাপত্তা রক্ষার জন্য সরকার যে ব্যবস্থা গ্রহণ করেছেন তাতে করে বর্ষবরণ অনুষ্ঠানের প্রাণময়তা ও সার্বজনিনতা নষ্ট হওয়ার আশঙ্কা ব্যক্ত করেছেন সংস্কৃতিকর্মীরা। আমাদের কাছে সরকারের সিদ্ধান্ত খুবই যান্ত্রিক ও কঠোর বলে মনে হয়েছে। সরকার যে যুক্তিতে মুখোশ পড়া ও সন্ধ্যার পর অনুষ্ঠান করা বন্ধ করেছেন সেই যুক্তিতে আরও অনেক কিছুই করা যায়। যেমন বিভিন্ন খুন-খারাবি রাস্তায় সংঘটিত হয় এই কারণে দেখিয়ে সড়কে মানুষের যাতায়াত বন্ধ করে দেওয়া যেতে পারে। সমাবেশস্থলে হামলা পরিচালিত হয় বলে সমাবেশ করার উপরই নিষেধাজ্ঞা আরোপ করা যায়। কিন্তু এগুলো কি মানানসই ও যৌক্তিক হবে? এগুলো যদি মানানসই ও যৌক্তিক না হয় তাহলে বর্ষবরণের অনুষ্ঠানকে ঘিরে সরকারের আরোপিত নিষেধাজ্ঞাগুলোও বেমানান অবশ্যই। বর্ষবরণের অনুষ্ঠানে অতীতে যেসব অপরাধকর্ম সংঘটিত হয়েছে, আসল কাজ হলো সেগুলোর পুনরাবৃত্তি রোধ করা। আর এটি রোধ করতে হবে প্রচলিত অনুষ্ঠানাদি পালন অব্যাহত রেখেই। অনুষ্ঠানাদির উপর খরগ আরোপ করলে অপরাধীরাই উৎসাহিত হবে। একে তারা তাদের বিজয় হিসাবে দেখতে ও দেখাতে চাইবে। যে গোষ্ঠীটি বাঙালি সংস্কৃতিকে নিশ্চিহ্ন করে দিতে চায় তারা আরও নতুন উদ্যমে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে মাঠে নেমে পড়বে। নতুন নতুন অপরাধের উপসর্গ যুক্ত করবে তারা যাতে করে সব বাঙালি অনুষ্ঠানাদিই একটা সময়ে বন্ধ হয়ে যেতে পারে। সুতরাং যেকোন সিদ্ধান্ত গ্রহণ করার আগে সরকারকে অগ্র-পশ্চাৎ বিবেচনা করতে হবে।
সরকার এবারই প্রথম সকল সরকারি কর্মচারীদের জন্য নববর্ষ ভাতা প্রদানের নিয়ম করেছেন। সরকারের অভিপ্রায় হলো, এর মধ্য দিয়ে বাঙালির সার্বজনিন উৎসবগুলোর ব্যাপক প্রসার ঘটুক। সার্বজনিন অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় ঐক্য গড়ে উঠে, সংহতি দৃঢ় হয়। এই ঐক্য ও সংহতি জাতিগঠনে বিশাল অবদান রাখে। বাঙালি জাতির সার্বজনিন উৎসবের শেষ নেই। উৎসবপ্রিয় বাঙালিরা বিভিন্ন ঋতু ভিত্তিক উৎসবের পাশাপাশি জাতীয় দিবসগুলোতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে এক কাতারে সামিল হন। সার্বজনিন উৎসবগুলোর শীর্ষে রয়েছে বাঙলা বর্ষবরণ অনুষ্ঠান। বিগত অন্তত দুই দশক ধরে বর্ষবরণকে ঘিরে সর্বত্র যে উৎসবের আমেজ দেখা যাচ্ছে তা আশাব্যঞ্জক। এর মধ্য দিয়ে অস্ম্প্রাদায়িক ও বিভেদহীন বাংলাদেশ গঠনের একটি দৃঢ়ভিত্তি রচিত হচ্ছিল। কিন্তু একটি চিহ্নিত প্রতিক্রিয়াশীল গোষ্ঠী প্রতিনিয়তই বাঙালির সার্বজনিন উৎসবের মূলে বারবার আঘাত করার সুনিপুণ চেষ্টা চালিয়ে আসছিল। তাদের উদ্দেশ্য বাঙালির একতা ও সংহতিকে বিনষ্ট করা। বর্ষবরণের অনুষ্ঠানে বাধা আরোপ ওই প্রতিক্রিয়াশীল গোষ্ঠীকেই মদদ জুগাবে।
সুতরাং নিরাপত্তার জন্য অনুষ্ঠানকে খণ্ডিত করা নয় বরং যে অপশক্তি নিরাপত্তা বিনষ্ট তথা বাঙালি সংস্কৃতিকে ধ্বংস করতে তৎপর তাদের কঠোর হাতে দমন করাই হবে সরকারের প্রধান কর্তব্য। আমরা আশা করি সরকার সেই লক্ষ্যেই পরিকল্পনা গ্রহণ করবে।