- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বর্ষায় শিক্ষাবঞ্চিত হাওরের শিশুরা

আমিনুল ইসলাম, তাহিরপুর
বর্ষা মৌসুমে প্রাথমিক বিদ্যালয়ে যাওয়া থেকে বঞ্চিত তাহিরপুরে হাওর পারের অর্ধশতাধিক গ্রামের হাজারো শিশু কিশোর। যোগাযোগ ব্যবস্থা না থাকায় বিদ্যালয়ে যেতে না পেরে অনেকে শিশু শ্রমে জড়িয়ে পড়ছে আবার অনেকে শিশু কিশোর জড়িয়ে পড়ছে গৃহস্থালি কাজে। ফলে এ উপজেলায় প্রতি বছর প্রাথমিক বিদ্যালয় গমনেচ্ছু অনেক শিক্ষার্থী প্রাথমিক শিক্ষার স্থরেই ঝরে পড়ছে। উপজেলায় ৭ টি ইউনিয়নে ২৪৯ টি গ্রাম রয়েছে এবং ২৪৯ টি গ্রামের মধ্যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১৩১ টিতে।  অবশিষ্ট  ১১৮ টি গ্রামে কোন প্রাথমিক বিদ্যালয় নেই। ৭ ইউনিয়নের মধ্যে তাহিরপুর, বাদাঘাট, বালিজুরী ও উত্তর বড়দল ইউনিয়নে সড়ক যোগাযোগ কিছুটা ভাল থাকায় এক গ্রাম থেকে অন্য গ্রামে গিয়ে শিক্ষার্থীরা লেখা পড়ার সুযোগ পাচ্ছে । অপরদিকে শ্রীপুর দক্ষিণ, শ্রীপুর উত্তর ও দক্ষিণ বড়দল ইউনিয়ন হাওরবেষ্টিত হওয়ায় বর্ষাকালে এক গ্রাম থেকে অন্য গ্রামে পায়ে হেঁটে যাওয়ার সুযোগ বন্ধ হয়ে পড়ে। ফলে বর্ষার শুরু থেকে শেষ পর্যন্ত  ৬ মাস যে সমস্ত গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই সে সকল গ্রামের শিশু কিশোররা বিদ্যালয় বিমুখ হয়ে পড়ে। হেমন্ত মৌসুমে  শিশু কিশোররা পিতা মাতাদের সাথে কৃষি কাজে জড়িয়ে পড়ে। যে কারণে অনেকে শিশু কিশোর আর বিদ্যালয়ে আসে না লেখা পড়া শেখার জন্য। গত রবিবার সরেজমিনে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নে মন্দিয়াতা নতুন হাটি, মুজরাই, পানিয়াখালি সহ বেশ কটি গ্রামে গিয়ে দেখা যায় বিদ্যালয় গমন উপযোগী শিশু কিশোররা দল বেধে খেলা করছে। একই অবস্থা রয়েছে একই ইউনিয়নে বেতাগড়া,জামালপুর, তেলিগাঁও পশ্চিম পাড়া, কৃষ্ণতলা, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে গোপালপুর, রাজধরপুর, উজ্জ্বলপুর, জগদীসপুর, সাহসপুর নিশ্চিন্তপুর, লতিবপুর, দক্ষিণ বড়দল ইউনিয়নে গোবিন্দপুর, টুকেরগাঁও সহ সব কটি ইউনিয়নের অর্ধ শতাধিক গ্রামে। উত্তর শ্রীপুর ইউনিয়নের পানিয়াখালী গ্রামের ছাত্র অভিভাবক এনামুল হক বলেন, নিজ গ্রামে স্কুল না থাকায় সেই সাথে যোগাযোগ ব্যবস্থা না থাকায় অন্য কোন গ্রামের বিদ্যালয়ে শিশু কিশোরদের পাঠানো হয় না। শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার বলেন, বর্ষাকালে শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থার কারণে বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি কমে যায়। উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খসরুল আলম বলেন, যোগাযোগ বিচ্ছিন্ন গ্রামগুলো থেকে শিশু কিশোরদের বিদ্যালয়মুখী করার জন্য বর্ষাকালে নৌকার ব্যবস্থা করার চিন্তা ভাবনা করছি। তাহিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম জাহান রাব্বী বলেন, বিদ্যালয়ে স্লিপের বরাদ্দ থেকে নৌকা তৈরি করে যোগাযোগ বিচ্ছিন গ্রাম থেকে শিশু কিশোরদের বিদ্যালয়মুখী করা যায়, আমি অনেক বিদ্যালয়ের প্রধান শিক্ষকে বলেছি স্লিপের টাকা থেকে নৌকা বাননোর জন্য। তাহিরপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি বলেন, বর্ষায় উপজেলার অনেক গ্রামে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে পারে না, আমরা আগামীতে চেষ্টা করবো যাতে নৌকা যোগে শিক্ষার্থীরা বিদ্যালয়েযেতে পারে।

  • [১]