ইয়াকুব শাহরিয়ার, শান্তিগঞ্জ
শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদের বহিস্কার আদেশ প্রত্যাহার করেছে দলীয় হাইকমান্ড। সোমাবার (২৫ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত দলীয় প্যাডে দক্ষিণ সুনামগঞ্জ (শান্তিগঞ্জ) উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদের বিরুদ্ধে দায়ের করা বহিষ্কারাদেশ প্রত্যাহার করার বিষয়টি জানানো হয়।
দলীয় আদেশ অমান্য করে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির তৎকালীন সভাপতি ফারুক আহমদ। জয় লাভও করেছিলেন বিপুল ভোটের ব্যবধানে। তবে সেই নির্বাচনে অংশ নেওয়া ছিলো তাঁর রাজনৈতিক দল বিএনপির সিদ্ধান্তের পরিপন্থি। এজন্য তাঁর বিরুদ্ধে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগ এনে সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ও দক্ষিণ সুনামগঞ্জ (শান্তিগঞ্জ) উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফারুক আহমদকে বহিষ্কার করে দল। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে সার্বিক দিক বিবেচনা করে ফারুক আহমদের উপর থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে দলের কেন্দ্রিয় কমিটি।
কেন্দ্রীয় বিএনপির উল্লেখ করা হয়— দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকায় সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি, দক্ষিণ সুনামগঞ্জ (শান্তিগঞ্জ) উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও দক্ষিণ সুনামগঞ্জ (শান্তিগঞ্জ) উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদকে বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। নির্দেশক্রমে সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জ (শান্তিগঞ্জ) উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুর রশিদ আমিন এই চিঠি প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেন।
জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন জানান, জেলা বিএনপির দপ্তর সম্পাদক কেন্দ্রের এই সংক্রান্ত নির্দেশনার চিঠি তাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন।
শান্তিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ বলেন, বিএনপিই আমার রাজনৈতিক শেষ ঠিকানা। দল আমার উপর থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় আমি দলের প্রতি কৃতজ্ঞ। এছাড়া এই বহিষ্কারাদেশ প্রত্যাহারে কেন্দ্র থেকে জেলা পর্যন্ত যেসব নেতারা কাজ করেছেন তাঁদের প্রতিও আমি কৃতজ্ঞ।