স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ১২ টি হাওর রক্ষা বাঁধে কাজই শুরু হয়নি। যে সব হাওরে কাজ শুরু হয়েছে, সেগুলোতেও অর্ধেকের বেশি কাজ হয়নি। এমনও হাওর রক্ষা বাঁধ রয়েছে যেগুলোর দু’পাশে কাজ করানো হয়েছে, মাঝখানে অনেক অংশে দরপত্রই আহ্বান করা হয়নি। হাওর ঘুরে বুঝা গেছে, পিআইসিকে কঠিন কাজ (ক্লোজারের কাজ) দেওয়া হয়েছে, ঠিকাদারকে দেওয়া হয়েছে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ কাজ। অথচ বরাদ্দ বেশি ঠিকাদারের কাজে।
সোমবার দুপুরে জেলার জামালগঞ্জ ও ধর্মপাশার ৫ টি হাওর রক্ষা বাঁধ সরেজমিন পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন হাওর এডভোকেসী প্লাটফর্ম (হ্যাপ)’এর সংগঠকরা।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- বাংলাদেশ নাগরিক সংহতির সাধারণ সম্পাদক মো. শরিফুজ্জামান শরিফ, হ্যাপের যুগ্ম আহবায়ক আনিছুল ইসলাম, বাপা’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও বুড়িগঙা বাঁচাও আন্দোলনের সদস্য সচিব মিহির রঞ্জন বিশ্বাস এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর নির্বাহী পরিচালক নির্মল ভট্টাচার্য।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সুনামগঞ্জের হাওরে ফসল রক্ষা বাঁধ সঠিক সময়ে এবং টেকসই কায়দায় তৈরি ও মেরামত করা হয় না। এ কারণে ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ৭ বার হাওরের ষাট ভাগ ফসল কৃষকরা ঘরে তুলতে পারেননি। বাঁধ নির্মাণের জন্য ইতিপূর্বে ৬-৭ কোটি টাকা বরাদ্দ দেয়া হতো, সেই স্থলে সরকার এবার ষাট কোটি টাকা বরাদ্দ দিয়েছে। অথচ. বাঁধের কাজ ঠিকভাবে হচ্ছে না। চলতি বেরো মৌসুমেও হাওর রক্ষা বাঁধ সঠিক সময়ে ও সঠিকভাবে নির্মাণ না হওয়ায় বোরো ফসল ঝুঁকিতে রয়েছে। সুনামগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জানিয়েছেন সোমবার পর্যন্ত জেলার ১২ টি হাওরে বাঁধের কাজই শুরু হয়নি। জামালগঞ্জ ও ধর্মপাশার হালির হাওর, পাগনার হাওর, ধানকুনিয়ার হাওর, মহালিয়ার হাওর এবং ধারাম হাওর রক্ষা বাঁধ পরিদর্শনের সময় দেখা যায়, কোন বাঁধেই কমপেকশন বা স্লোপ সঠিকভাবে দেয়া হয়নি।
জামালগঞ্জের হালির হাওরের যে অংশ দিয়ে গত বছর বাঁধ ভেঙে পানি ঢুকেছিল, এই অংশে গত ১৩ ফেব্রুয়ারি কাজ শুরু হয়েছে, যারা কাজ করছেন (পিআইসি’র সদস্যরা) তারা বলেছেন, ৩১ মার্চের আগে কাজ শেষ হবে না। অর্থাৎ ৩১ মার্চের আগে ভারী বৃষ্টি হলেই এই হাওর ডুবে যাবে। এই হাওরের ভাঙন অংশের পাশে গত বছর বাঁধ ভেঙে যেখানে পানি পড়ে বড় গর্ত হয়েছিল, এই গর্ত ভরাটের ব্যবস্থা হয়নি।
সংবাদ সম্মেলন আরো জানানো হয়, দেরিতে কাজ শুরু করা ও সময়মতো কাজ শেষ না হওয়ায় বর্তমানে অনেক বাঁধ ঝুঁকিতে রয়েছে। পানি উন্নয়ন বোর্ড পিআইসির তুলনায় ঠিকাদার দিয়ে কাজ করাতে উৎসাহী এবং ঝুঁকিপূর্ণ বাঁধগুলো পিআইসিদের দিয়ে করানো হয়েছে। বাঁধের কাজ নি¤œমানের হচ্ছে, যেসব স্থানে বাঁধের প্রয়োজন, সেখানে বাঁধ না দিয়ে অপ্রয়োজনীয় স্থানেও বাঁধ দেয়া হচ্ছে। পিআইসিদের সঠিক সময়ে বরাদ্দ দেয়া হচ্ছে না। পিআইসি’র সদস্যরা চড়া সুদে অর্থ ধার করে বাঁধের কাজ করছেন ’
উল্লেখ্য, এ বছর জেলার বোরো ফসলের আবাদ হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫০ হেক্টর জমিতে। ৪২ টি হাওরের ফসল রক্ষায় ৫৮ কোটি টাকা ৭০ লাখ টাকার বাঁধের কাজ হচ্ছে। জেলা পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের বৃহৎ ৩৭টি হাওরসহ মোট ৪২ টি হাওরে ১০ কোটি ৭৭ লাখ ব্যয়ে ২২৫ টি পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) ও ৪৮ কোটি টাকা ব্যয়ে ৭৬ টি প্যাকেজে ঠিকাদার দিয়ে বোরো ফসল রক্ষা বাঁধ নির্মাণ করছে। পিআইসির কাজ ২৮ ফেব্রুয়ারি ও ঠিকাদারের কাজ ৩১ মার্চের মধ্যে হওয়ার কথা রয়েছে।