- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ করার নির্দেশ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান। তিনি বলেছেন, হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ একটি বিশাল কাজ। এই কাজটি সবাই মিলেই নির্ধারিত সময়ে শেষ করতে হবে। এতে সবার সহযোগিতা প্রয়োজন। যেসব স্থানে সমস্যা আছে সেগুলো দ্রুত চিহ্নিত করে সমাধান করতে হবে।
মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে হাওরে বাঁধ নির্মাণ বিষয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিভাগীয় কমিশনার আরও বলেন, হাওরে বাঁধ নির্মাণে ঠিকাদারী প্রথা বাতিলের পর মানুষের দাবির প্রেক্ষিতে প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) মাধ্যমে কাজের প্রক্রিয়া শুরু হয়েছে। স্থানীয় লোকজনের অংশগ্রহণে এই কাজ হয়। তাই এই প্রক্রিয়ায় মানুষ যেন আস্থা না হারায় সেদিকে খেয়াল রাখতে হবে। কেউই জবাবদিহিতার উর্ধ্বে নয় উল্লেখ করে বিভাগীয় কমিশনার বলেন, পিআইসিতে যারা আছেন তারা কোনো অন্যায় করলে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে। তাই কাজ যাতে সঠিকভাবে হয় এজন্য পিআইসির
লোকজনকে নিয়ে নিয়মিত উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বৈঠক করে কাজের অগ্রগতির খোঁজ খবর নিতে হবে। মাঠে কঠোর তদারকি রাখতে হবে।
সভায় পানি উন্নয়ন বোর্ডের সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো, সবিবুর রহমান জানান, এবার হাওরে এখন পর্যন্ত ৭২৫টি প্রকল্প নেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১২৮ কোটি টাকা। কাজ চলমান আছে ৭১১টিতে। কাজের অগ্রগতি গড়ে ৪২ শতাংশ। তিনি জানান এখন পর্যন্ত কাজের অগ্রগতির দিকে পিছিয়ে আছে তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলা। এর বাইরে আরও ৫৩টি প্রকল্প অনুমোদনের প্রক্রিয়ায় আছে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সুনামগঞ্জে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ এমরান হোসেন, সুনামগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলম, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল, প্রবীণ আইনজীবী ও মুক্তিযোদ্ধা আলী আমজাদ, সুনামগঞ্জের সাবেক সিভিল সার্জন সৈয়দ মোনাওয়ার আলী, হাওর বাঁচাও আন্দোলনের সহসভাপতি মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সাংবাদিক-আইনজীবী খলিল রহমান, পানি উন্নয়ন বোডের্র শাখা কর্মকর্তা মাহফুজুল আলম, হাওর ও পরিবেশ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ, সাংবাদিক-আইনজীবী খলিল রহমান প্রমুখ।
সভায় বাঁধের কাজে অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ ও প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনে নানা অনিয়মের বিষয়ে আলোচনা হয়। এ সব বিষয় তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, ২০১৭ সালে সুনামগঞ্জের হাওরে বাঁধ ভেঙ্গে ব্যাপক ফসলহানির পর পাউবো হাওরে বাঁধ নির্মাণে নতুন নীতিমালা করে। বাঁধের কাজ থেকে বাদ দেওয়া হয় ঠিকাদারদের। এখন স্থানীয়ভাবে প্রকৃত কৃষক ও সুবিধাভোগীদের নিয়ে গঠিত প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) মাধ্যমে কাজ হচ্ছে। প্রতিটি পিআইসি একটি প্রকল্পে সর্বোচ্চ ২৫ লাখ টাকার কাজ করে। হাওরে বাঁধ নির্মাণের সময়সীমা হচ্ছে ১৫ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

  • [১]