- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বাঁধের কারণে ফসল হানি নিয়ে প্রতিটি মুহূর্ত শংকায় কৃষকরা

জেলার ৪২ হাওরে ২২৫ টি পিআইসি ও ৭৬ টি প্যাকেজে ঠিকাদারের মাধ্যমে মোট ৫৮ কোটি ৭৭ লাখ টাকা খরচে সংস্কার /নির্মাণ করা হচ্ছে বোরো ফসল রক্ষার জন্য বাঁধের কাজ। বরাদ্দকৃত অর্থের ৮০ শতাংশ অর্থাৎ ৪৮ কোটি টাকার কাজ হচ্ছে ঠিকাদারদের মাধ্যমে। অবশিষ্ট ২০ শতাংশ কাজ হচ্ছে ২২৫ টি প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে। পিআইসির কাজ ২৮ ফেব্রুয়ারি ও ঠিকাদারের কাজ ৩১ মার্চের মধ্যে শেষ করার কথা। বাস্তবে ২০/৩০ শতাংশের বেশি কাজ হয় নি বলে সংবাদমাধ্যম ও হাওরপাড়ের মানুষের কথাবার্তা থেকে জানা যাচ্ছে। অনেক বাঁধের কাজ এখন পর্যন্ত শুরু হয় নি, বহু বাঁধে প্রাক্কলন মোতাবেক মাটি না ফেলে লেপ দিয়ে ছেপ ফেলার মতো ৪/৬ ইঞ্চি মাটি ফেলে রাখা হয়েছে। শর্তানুসারে বাঁধ এলাকায় কাজের বরাদ্দ ও প্রাক্কলন উল্লেখ করে প্রদর্শনী বোর্ড স্থাপন করার কথা থাকলেও কোথাও এমন বোর্ডের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নি। কিছু দিন আগে পাহাড়ে বৃষ্টি হওয়ায় কয়েকটি হাওরের অল্পবিস্তর ফসলি জমি ডুবেছে। এখন আকাশে বৃষ্টি আছে। যেকোন সময় অকাল বন্যা বা ঢল নামার আশংকা করছেন কৃষকরা। বাঁধের কাজ শেষ না হওয়ায় প্রতিটি মুহূর্ত শংকায় কাটাচ্ছের জেলার কৃষককূল। এরকম এক দমবদ্ধ অবস্থায় বাঁধের কাজ নিয়ে পাউবোর দায়-দায়িত্বহীন আচরণে সর্বত্র ক্ষোভে-বিক্ষোভে ফুঁসে উঠছেন মানুষ। কিন্তু পাউবো, ঠিকাদার ও পিআইসি সদস্যদের মধ্যে কোন ভাবান্তর লক্ষ করা যাচ্ছে না। তাদের মনোভাব এমনÑ হাওর ডুবলে কার কী। কাজ তারা করছেন না, বুঝা যায় তারা নিশ্চিত এতে তাদের লোকসানের সম্ভাবনা নেই, লোকসান যা হওয়ার সবই হবে কৃষকদের। কাজ না করলে জামানত খোয়া যাবে, বিল আটকে থাকবে এমন কোন ভয়ই কাজ করছে না ঠিকাদারদের মধ্যে। আমরা বুঝতে অক্ষম কী তাদের নির্লিপ্ততার প্রকৃত মাজেজা। গতকাল সংবাদমাধ্যমসূত্রে বিভিন্ন বাঁধের যে বরাদ্দ দেখা গেছে তা টাকার অংকে ফেলনা নয়। কোন কোন বাঁধে দেড়/দুই কোটি টাকার কাজও হচ্ছে। জনমনে এমন একটি ধারণা রয়েছে বাঁধ নির্মাণের যে বরাদ্দ তার ৮০ ভাগই লুপাট করার পাঁয়তারায় রয়েছেন পক্ষসমূহ। লুপাটের টাকার ভাগবণ্টক যাবে বিভিন্ন জায়গায়। কৃষকের কান্নার বিনিময়ে অর্জিত এই টাকা, যা প্রতিবছরের বাস্তবতা, এবার এর ব্যতিক্রম আশা করা নিরাশা কিনা তা সুনিশ্চিত করে বলা না গেলেও অবস্থা আশাব্যঞ্জক নয় মোটেও।
কৃষকরা বিভিন্ন উপায়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করছেন। কৃষক-কৃষাণীরা বাঁধপাড়ে মানববন্ধন করছেন। সংবাদমাধ্যম যথাসাধ্য ভূমিকা রাখার চেষ্টা করছে। গতবার এমন অবহেলার কারণে জেলায় ব্যাপক ফসল হানি হয়েছিল। দায়ী কারও বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে দেখা যায় নি। একই পথে হাঁটছে এবারও। আসলে সাধারণ মানুষেন অধিকার প্রতিষ্ঠা করাটা সাংঘাতিকভাবে কঠিন হয়ে পড়েছে। ক্ষমতা আর প্রভাবে পুষ্ঠ মহল বিশেষের লোভের কাছে আর সবকিছু নস্যি। সরকারের কোন মন্ত্রণালয় বা অঙ্গবিশেষের প্রতিক্রিয়া শূন্যের কোঠায়। হাপিত্যেস কেবল হাওরপাড়ে আর সংবাদপত্রের পাতায়, টিভি পর্দায়। যাদের উদ্দেশ্যে ক্ষোভ তাদের পিঠের চামড়া এতোটাই মোটা যে এইসব তাতে সামান্য আঁচরও লাগাতে পারছে না।
যদি বাঁধ নির্মাণ বা সংস্কার না হওয়ার জন্য এবার হাওর ডুবে তাহলে ব্যাপক জনসাধারণের যে পাহাড়সম ক্ষোভ সরকারের বিরুদ্ধে হবে এর দায় কে নিবে এই প্রশ্ন রাখলাম আমরা সরকারের শীর্ষস্থানীয়দের নিকট। তাঁদের আজ সিদ্ধান্ত নিতে হবে জনগণের স্বার্থ নিয়ে সাংবৎসরিক এই ছিনিমিনি খেলা চলতেই থাকবে কিনা।  

  • [১]