ধর্মপাশা প্রতিনিধি
মালবাহী বাল্কহেড নৌকা নেত্রকোনার কলমাকান্দা থেকে রওনা হয়ে কিশোরগঞ্জ, ইটনাসহ দেশের বিভিন্ন এলাকায় যাতায়াত করে। ধর্মপাশার মধ্যনগর হয়ে কম সময়ে গন্তব্যে পৌঁছার সহজ পথ খোঁজে এসব নৌকার চালকেরা। সে পথ খোঁজেও পায় তারা। আর এ কাজ করতে গিয়ে ফসলরক্ষা বাঁধ কেটে ফেলার সিদ্ধান্ত নেয়। শনিবার কলমাকান্দা থেকে রওনা হওয়া মালবাহী ৮টি বাল্কহেড নৌকা ধর্মপাশার কাইঞ্জার হাওরে রুইবিল প্রকল্পের বাঁধ কেটে গন্তব্যের দিকে যেতে থাকে। বিষয়টি স্থানীয়দের নজরে আসে। ফলে স্থানীয়রা বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করে৷ খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব দুপুর ১২টায় সেখানে উপস্থিত হয়ে ২টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন এবং ৮টি বাল্কহেড নৌকা জব্দ করেন।
এ সময় বাঁধ কেটে সরকারী সম্পত্তি বিনষ্ট করার অভিযোগে বাল্কহেড নৌকায় থাকা ৮জনের প্রত্যেককে ২০ হাজার করে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা ও তাদের আটক করা হয়। পরে তারা জরিমানার টাকা পরিশোধ করে মুক্তি লাভ করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব বলেন, বাঁধ কেটে সরকারী সম্পত্তির ক্ষতি সাধন করায় এ দন্ডাদেশ দেওয়া হয়েছে।’