স্টাফ রিপোর্টার
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে পিআইসি কর্তৃক হাওরের বেড়ি বাঁধ মেরামত কাজের অবশিষ্ট বিল পাওয়ার দাবিতে জেলার বিভিন্ন উপজেলার পিআইসি সদস্যরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন দিরাই উপজেলার পিআইসি সদস্য মতসির আলী, মুজাহিদ মিয়া, সদর উপজেলার সুরুজ মিয়া, বিশ্বম্ভরপুর উপজেলার লাকী মিয়া ও রাসেন্দ্র কুমার দাস, জগন্নাথপুর উপজেলার সুজাত মিয়া, আহমদ আলী, সালিক মিয়া, ধর্মপাশা উপজেলার মো. সালাহ উদ্দিন প্রমুখ।
বক্তব্যে পিআইসি সদস্যরা বলেন, হাওরের বেরিবাঁধের কাজ তাঁরা যথাসময়ে শেষ করেছেন। কিন্তু সর্বশেষ বিল তাঁরা এখনো পাচ্ছেন না। সময়মত বিল না পাওয়ায় ঋণগ্রস্ত হয়ে পড়েছেন অনেক পিআইসি সদস্য। এখন সামনে ঈদ, বন্যা ও করোনায় কেউ হাওলাত বা ঋণও দিচ্ছেন না। তাই জরুরিভিত্তিতে বেড়িবাঁধ নির্মাণের সর্বশেষ বিল পরিশোধের দাবি জানান তাঁরা। মানববন্ধন শেষে তাঁরা জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেন। এ সময় জেলা প্রশাসকের পক্ষ থেকে ঈদের পরে বিল পরিশোধের আশ্বাস দেয়া হয়।