স্টাফ রিপোটার, তাহিরপুর
তাহিরপুরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজে গাফিলাতি ও অনিয়মের অভিযোগে বাঁধ নির্মাণ কাজের প্রকল্প সভাপতিকে আটক করেছেন তাহিরপুরের ইউএনও মো. রায়হান কবীর। আটককৃত প্রকল্প সভাপতির নাম আব্দুল্লাহ মোহাম্মদ পাবেল। তিনি উপজেলার মহালিয়া হাওরের ৭ নং প্রকল্পের প্রকল্প সভাপতি এবং সুলেমানপুর গ্রামের বাসিন্দা।
পানি উন্নয়ন বোর্ড তাহিরপুর উপজেলা শাখা অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিভিন্ন হাওরে তাহিরপুর ইউএনও’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মহালিয়া হাওরের ৭ নং প্রকল্পের প্রকল্প সভাপতি আব্দুল্লাহ মোহাম্মদ পাবেলকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় তার সাথে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও তাহিরপুর থানার পুলিশ ফোর্স সাথে ছিলেন। এ সময় অন্য বাঁধগুলো দেখতে গেলে ফসল রক্ষা বাঁধের ত্রুটিযুক্ত বাঁধগুলোর সকল প্রকল্প সভাপতি বাঁধ এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে যায়।
তাহিরপুর উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী আসাদুজ্জামান বলেন, মহালিয়া হাওরের ৭ নং প্রকল্পের প্রকল্প সভাপতি আব্দুল্লাহ মোহাম্মদ পাবেল বাঁধ নির্মাণ কাজের ৫০ ভাগ কাজ সমাপ্ত করেছেন। নির্মাণ কাজের সমাপ্তির তারিখ ২৮ ফেব্রুয়ারি। নির্মাণ কাজে গাফলতি ও অনিয়মেন জন্য তাকে আটক করা হয়েছে। তিনি আরো জানান, কাজে বরাদ্দ ছিল ২০ লক্ষ ৭৭ হাজার টাকা।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মো. সুহেল রানা বলেন, হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের অভিযোগে একজনকে আটক করে তাহিরপুর থানা হাজতে রাখা হয়েছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর বলেন, সন্ধ্যায় (৭টা ১০মিনিটে) ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজে অনিয়মের অভিযোগে আব্দুল্লাহ মোহাম্মদ পাবেলকে আটক করা হয়েছে। রাতেই তাকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করে ছেড়ে দেয়া হবে।