সু.খবর ডেস্ক
সব কিছুই যখন স্বয়ংক্রিয় আর স্মার্ট হচ্ছে দিনকে দিন, চোখে পরার চশমাই বা বাদ যাবে কেন? বাংলাদেশের এক প্রকৌশলীর কল্যাণে এবার বিশ্ব পেতে যাচ্ছে স্মার্ট চশমা। যাতে রয়েছে তরল পদার্থ দিয়ে তৈরি লেন্স। এই লেন্স ব্যবহারকারীর দরকার অনুযায়ী নিজে নিজেই ফোকাস ঠিক করে নেবে। তার মানে স্মার্ট চশমা পরে একজন ব্যবহারকারী দূরে ও কাছে যা দেখতে চাইবেন, সেটার উপরই স্বয়ংক্রিয়ভাবে ফোকাস হবে এবং যারা চোখে কম দেখেন ও পাওয়ারওয়ালা চশমা ছাড়া বই পড়তে পারেন না তারা এ চশমা পরলেই হবে। নিশ্চিন্তে বই পড়তে পারবেন পাওয়ার বাড়া কমার চিন্তা ছাড়াই। বাংলাদেশের ছেলে নাজমুল হাসান এটির প্রটোটাইপ তৈরি করেছেন। ইউডা বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল
বিভাগের ছাত্র নাজমুল হাসান তার পিএইচডি গবেষণার অংশ হিসেবে কাজ করছেন এই স্বয়ংক্রিয় স্মার্ট চশমা নিয়ে। আর তাকে পথ দেখাচ্ছেন ইউডা বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক কার্লস মাসতারাঙ্গো।
এই স্মার্ট চশমা তৈরিতে গ্লিসারিন ও পাতলা কালারলেস লিকুইড বেসড লেন্স ব্যবহার করা হয়েছে। পেছনে ও সামনে নমনীয় রাডার ব্যবহার করা হয়েছে যা দিয়ে চশমাটি ফোকাসের দিক নির্ণয় করবে।
গবেষক বলছেন, এ লেন্সটি ব্যাটারি চালিত ফ্রেমের ভেতরে অটোমেটিকভাবে বসানো হয়েছে যা আরও প্রযুক্তি সাহায্যে আগামী তিন বছরের মধ্যে এর ফ্রেম অনেক হালকা ও ছোট করা সম্ভব। এটি বাজারে আসলে কাঁচের চশমা তার বাজার এবং জনপ্রিয়তা দুটোই হারাবে।
অধ্যাপক মাসতারাঙ্গো বলেন, যাদের বই পড়া থেকে শুরু করে সব কিছু চশমা দিয়ে করতে হয়। তাদের জন্য এটি খুব উপকারী হবে। কারণ এটি পড়লে চশমার কোনো পাওয়ার দরকার নেই। চোখে দিলেই সবকিছু স্পষ্টভাবে দেখতে পারবে। তিনি বলেন, মানব দেহের চোখের লেন্স ভেতরেই থাকে যা আপনাকে দেখতে ও ফোকাস করতে সাহায্য করে। যখন মানুষের বয়স বেড়ে যায় তখন এ লেন্স কাজ করতে ব্যর্থ হয় এবং ফোকাস করতেও সক্ষমতা হারায়। তখন মানুষরা রিডিং গ্ল্যাস ও বায়োফোকাল গ্ল্যাস দিয়ে দূর ও কাছের বস্তুকে দেখতে হয়। কিন্তু এ স্মার্ট চশমা ব্যবহার করলেই ক্লিয়ার দেখতে পারবে।
নাজমুল হাসান বলেন, এটি যেকোনো বস্তুর দিকে ফোকাস করতে ১২ মিলি সেকেন্ড সময় নেয়। এমনকি স্বচ্ছ জিনিসের ওপরও ফোকাস করে ব্যাবহারকারীকে দেখাতে সক্ষম এ স্মার্ট চশমা। এটিতে রয়েছে রিচার্জেবল ব্যাটারি । যা একবার চার্জ দিলে ২৪ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে।