সু.খবর ডেস্ক
আগামী ১ জুন শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। সেই মেগা ইভেন্টের আগে নিজেদের ঝালিয়ে নিতে আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। তবে ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির মূল পর্ব শুরুর আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার লক্ষ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে মাশরাফির বিন মুর্তজার দল। সেই প্রস্তুতি ম্যাচ দুটিতে বাংলাদেশের প্রতিপক্ষ যে দুই এশিয়ান পরাশক্তি ভারত ও পাকিস্তান সেটি আগেই জানা গিয়েছিল। এবার জানা গেল প্রস্তুতি ম্যাচ দুটি সূচিও।
আগামী ২৭ মে এজবাস্টনে প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ৩০ মে ওভালে শেষ গা গরমের ম্যাচে রিবাট কোহলির ভারতের মোকাবেলা করবে টাইগাররা। এর আগে ১২ মে থেকে আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। যেখানে তৃতীয় দল হিসেবে অংশ নেবে নিউজিল্যান্ড।
দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড ছাড়া বাকি ছয়টি দেশই প্রস্তুতি ম্যাচে অংশ নেবে। ছয়টি দলই দুটি করে গা গরমের ম্যাচ খেলবে। ২৬ মে ওভালে প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া মুখোমুখি হবে। একদিন পরই বাংলাদেশের ম্যাচ, পাকিস্তানের বিপক্ষে। ২৮ তারিখে ওভালে ভারত ও নিউজিল্যান্ড প্রস্তুতি ম্যাচ খেলবে। পরের দিন এজবাস্টনে মুখোমুখি হবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। অন্যদিকে ৩০ মে দুটি প্রস্তুতি ম্যাচে যথাক্রমে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা ও বাংলাদেশ-ভারত মুখোমুখি হবে।
চ্যাম্পিয়ন্স ট্রফির ‘এ’ গ্রুপে বাংলাদেশের অপর তিন প্রতিপক্ষ হলো- ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা।
১ জুন টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। এরপর ৫ তারিখে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে টাইগাররা। ৯ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।