জগন্নাথপুর অফিস
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মডেল হিসেবে এগিয়ে চলছে। বিশ^ মন্দার প্রেক্ষাপটে বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা ও অগ্রযাত্রা বিশ^জুড়ে প্রশংসনীয় হচ্ছে। বিভিন্ন দেশ বাংলাদেশকে এখন অনুসরণ করছে। তা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কারণে।’ মন্ত্রী বলেন, ৭১ এর পরাজিত শক্তি এখন নতুন করে বাংলাদেশ নিয়ে নানা সড়ষন্ত্র করছে। দেশকে জঙ্গিরাষ্ট্রে পরিণত করতে চায়। বর্তমান সরকার এসব জঙ্গিবাদ দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে।
সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই। তাই শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রতীক নৌকার প্রতি সবার সুদৃষ্টি থাকতে হবে।
তিনি বলেন, লীগের নেতৃত্বে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ সহ সামগ্রীক উন্নয়নে ব্যাপক অগ্রগতি হয়েছে। প্রবাসীরাও সরকারের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগসহ নানা দুর্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। সবাই মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে শেখ হাসিনার নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে এগিয়ে নিতে হবে।
বুধবার জগন্নাথপুর উপজেলায় দিনব্যাপী বিভিন্ন সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান।
বেলা ১১টায় আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে জগন্নাথপুর উন্নয়ন সংস্থা ইউ.কে এর উদ্যোগে আয়োজিত রিকশা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
জগন্নাথপুর উন্নয়ন সংস্থা ইউ,কে সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে ও শফিকুল আলম বাবুর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরী এহিয়া, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহ, অফিসার ইনচার্জ হারুন রশীদ চৌধুরী, ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আহাদ, ট্রাস্টি মোবারক আলী প্রমুখ।
এসময় মন্ত্রী দরিদ্র মানুষের মধ্যে জিআর এর অর্থ বিতরণ করেন।
দুপুরে মন্ত্রী রসুলগঞ্জ বাজারের ফিডশিড উদ্বোধন ও আব্দুল কাদির মেহেরুননেছা মাধ্যমিক বিদ্যালয়ে ৫৬ লাখ টাকা ব্যয়ে নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।
বিকেলে তিনি পাটলী চাঁনপুর গ্রামে জগন্নাথপুর উন্নয়ন সংস্থার ট্রাস্টি যুক্তরাজ্য প্রবাসী এনামুল ইসলাম এনামের উদ্যোগে ঢেউটিন, খাদ্যসামগ্রী বিতরণী অনুষ্ঠানে যোগ দেন।
উন্নয়ন সংস্থার সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে ও পাটলী ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলামের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, ইউএনও মোহাম্মদ মাসুম বিল্লাহ, অফিসার ইনচার্জ হারুন রশীদ চৌধুরী, ট্রাস্টি মোবারক আলী, আওয়ামীলীগ নেতা আব্দুল কাইয়ুম মশাহিদ, মাছুম আহমদ প্যানেল চেয়ারম্যান ওয়াহিদুর রাজা উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, সাধারণ সম্পাদক রুমেন আহমদ প্রমুখ।