- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বাংলাদেশ খয়রাতের জন্য এখন আর হাত পাতে না -পরিকল্পনা মন্ত্রী

স্টাফ রিপোর্টার
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, বাংলাদেশ এখন আর খয়রাতি পাওয়ার জন্য হাত পাতে না। আমরা অগ্রিম সুদ দিয়ে ঋণ নেই, ঋণ দেবার ক্ষমতা আমাদের রয়েছে। আমাদের চার লাখ কোটি টাকা রিজার্ভ রয়েছে। এজন্য আমাদের সাহস বেড়েছে। দেশ অর্থনৈতিকভাবে এগোয়নি এমন নেতিবাচক কথা আমাদের শত্রুরাও বলতে সাহস পায় না। দেশে বিদেশে যারা অর্থনীতির খোঁজ রাখে, উন্নয়ন অগ্রগতির খবর নেয়, তারা সকলেই স্বীকার করে বাংলাদেশ এগিয়েছে।
মন্ত্রী বলেন, বাজেটের এক টাকা সাহায্যের উপর নির্ভর করে করা হয় নি। সকল টাকার উৎস্য আমাদের নিজেদের। সরকারের মেগা প্রকল্প দেখে অনেকে হিংসা করছেন। পদ্মা সেতু নির্মাণের কাজ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরু করেছিলেন, অনেকে উপহাস করেছিলেন, বলেছিলেন সেতু নির্মাণ করতে পারবে না, দেশ দেউলিয়া হবে। তাদের হিসাব মিলে নি। দেশ দেউলিয়া হয় নি, বরঞ্চ লক্ষ হাজার কোটি টাকা ব্যাংকে আছে। এই টাকা মানুষের কল্যাণে ব্যয় হবে। যেখানে মানুষের উপকার হবে, বিদ্যুৎ, সড়ক, সেতু, পানি, ল্যাট্রিন, স্কুল, হাসপাতল, রেললাইনে ব্যয় করা হবে।
শুক্রবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুর এলাকায় বেসরকারি উদ্যোগে করা জনতা চক্ষু হাসপাতালের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জনতা চক্ষু হাসপাতালের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এনামুল হক প্রমুখ।

  • [১]