- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বাংলাদেশ না হলে গ্রামে স্কুল হতো না -ড. সাদিক

লিপসন আহমদ
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি’র) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেছেন, ‘কোন কোন পক্ষ থেকে এখন সামান্য বিষয়েই মানবাধিকার লংঘনের প্রশ্ন ওঠে। আমাদের আশ্চর্য লাগে যারা এসব কথা বলেন, তারা কী বলতে পারবেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বেগম মুজিব, তাঁর শিশু পুত্র রাসেলকে কোন কোর্টের রায়ে হত্যা করা হয়েছিল। পরে আবার এই হত্যাকারীদের বিচার না করার জন্য আইন প্রণীত হয়েছিল। এসব কোন মানবাধিকার? অবশ্য. এই কলঙ্ক থেকে জাতি মুক্ত হয়েছে।’ তিনি বলেন, ‘যখনই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে চায়, তখনই ষড়যন্ত্র শুরু হয়।’
বুধবার বিকাল ৩ টায় সুনামগঞ্জ শহরতলির সুরমা ইউনিয়নের সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের চার তলা নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখার সময় ড. মোহাম্মদ সাদিক এসব কথা বলেন।
ড.সাদিক বলেন,  
 ‘বাংলাদেশের জন্য গৌরবের দিন আজ। আজ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ট্রেলিয়ার ক্রিকেট দলকে পরাজিত করেছে বাংলাদেশের সোনার ছেলেরা। এটিও একটি বড় জবাব। এক সময় অবিভক্ত পাকিস্তানে পূর্ব পাকিস্তানের কোন খেলোয়ারকে জাতীয় দলে নেওয়া হতো না, বলা হতো এদের হাতের কব্জি ছোট। নানাভাবে অবহেলা করতো পশ্চিম পাকিস্তানীরা। জাতির জনকের নেতৃত্বে বাঙালি এজন্য পশ্চিম পাকিস্তানীদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। আজ আবার পৃথিবীর শক্তিশালী ক্রিকেট দলকে হারিয়ে বাঙালি যে বীরের জাতি, তা বুঝিয়ে দিল।’
তিনি বলেন,‘বাংলাদেশ না হলে জাতীয় পতাকা হতো না, প্রত্যন্ত গ্রামে স্কুলও হতো না।’
ড. সাদিক আরো বলেন,‘দেশকে এগিয়ে নেবার জন্য জাতির জনকের জ্যেষ্ঠ কন্যা তাজুদের নামাজ পড়ে কাজ শুরু করে মধ্যরাত পর্যন্ত কাজ করেন। এই ধারা অব্যাহত থাকলে অবশ্যই ২০২১ সালে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে এবং ২০৪১ সালে হবে উন্নত বাংলাদেশ।’
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন,‘তোমাদের পড়াশুনায় কৃষক, দিনমজুর, খেয়া নৌকার মাঝি সকলের শ্রমের অর্থ ব্যয় হচ্ছে। তোমাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে এই ঋণ শোধ করতে হবে।’
ড. সাদিক সৈয়দপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠায় যারা অবদান রেখেছেন তাঁদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,‘পৃথিবীর সকল বড় বড় প্রতিষ্ঠান এভাবেই সাধারণ মানুষের প্রচেষ্টায় হয়েছে। তিনি সৈয়দপুর উচ্চ বিদ্যালয় এমপিওভুক্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করার আশ্বাস দেন।’
এলাকার বয়োজ্যেষ্ঠ ব্যক্তি সফর উদ্দিন মোড়লের সভাপতিত্বে ও শাহীনুর রহমানের সঞ্চালনায় সভায় এছাড়া বক্তব্য দেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, সাংবাদিক পঙ্কজ দে, ইউপি চেয়ারম্যান আব্দুস ছাত্তার, আবুল বরকত, স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি নাদীর শাহ্, পল্লী বিদ্যুতের সিলেট অঞ্চলের সহকারী পরিচালক (প্রশাসন) রুহুল আমীন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল আলম রাসেল প্রমুখ।

  • [১]