- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা- বন্যায় ক্ষতিগ্রস্তদের ঋণ পরিশোধে বিশেষ সুবিধা

সু.খবর ডেস্ক
বন্যায় ক্ষতিগ্রস্তদের স্বল্পমেয়াদি কৃষি, ক্ষুদ্র এবং এসএমই খাতের কুটির ও মাইক্রো ঋণ পরিশোধে বিশেষ সুবিধা দেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কোনো ধরনের ডাউনপেমেন্ট ছাড়া এ ধরনের ঋণ পুনঃতফসিলের পর নতুন ঋণ দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। আগামী বছরের জুন পর্যন্ত এই নীতিমালার আলোকে ক্ষতিগ্রস্তদের সুবিধা দেওয়া যাবে। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের বিদ্যমান নীতিমালা অনুযায়ী, যে কোনো ঋণ পুনঃতফসিল করতে নির্ধারিত হারে এককালীন জমা বা ডাউনপেমেন্ট দিতে হয়। আর মোট দেনার অন্তত ১৫ শতাংশ ডাউনপেমেন্ট না দিলে নতুন ঋণ পাওয়া যায় না। অন্যথায় গ্রাহককে নতুন ঋণ দিতে হলে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি লাগে। বন্যায় ক্ষতিগ্রস্তদের স্বল্পমেয়াদি কৃষি, ক্ষুদ্র এবং এসএমই খাতের কুটির ও মাইক্রো ঋণের ক্ষেত্রে এসব শর্ত শিথিল করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, ব্যাংকার গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ডাউনপেমেন্টের শর্ত শিথিল করে স্বল্পমেয়াদি কৃষি ও ক্ষুদ্রঋণ এবং এসএমই খাতের কুটির ও মাইক্রো ঋণ পুনঃতফসিল করা যাবে। পুনঃতফসিলকৃত এসব ঋণে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে সর্বোচ্চ ৬ মাসের গ্রেস পিরিয়ড দেওয়া যাবে। ক্ষতিগ্রস্ত কোনো কৃষকের নামে সার্টিফিকেট মামলা থাকলে সমঝোতার মাধ্যমে তা স্থগিত বা নিষ্পত্তি করে ঋণ পুনঃতফসিল করা যাবে। অবিলম্বে এই নির্দেশনা কার্যকর করতে বলা হয়েছে। আর ক্ষতিগ্রস্তরা যাতে প্রকৃত চাহিদার ভিত্তিতে নতুন ঋণ নিতে পারেন সে লক্ষ্যে কোনো অর্থ জমা না দিয়েও পুনঃতফসিল-পরবর্তী নতুন ঋণ দেওয়া যাবে।
বাংলাদেশ ব্যাংক বলেছে, সাম্প্রতিক বন্যায় দেশের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে। বন্যা উপদ্রুত অঞ্চলের ঋণগ্রহীতারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের পক্ষে নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ করা দুরূহ হয়ে পড়বে। এ ছাড়া বন্যার কারণে আয় উৎসারী কর্মকাণ্ড বন্ধ থাকায় বিদ্যমান নীতিমালা অনুযায়ী নির্ধারিত হারে ডাউনপেমেন্ট দিয়ে ঋণের মেয়াদ বাড়ানো সম্ভব হবে না। এতে ওই খাতের ঋণ বিরূপমানে শ্রেণিকৃত হবে। এতে নতুন ঋণপ্রবাহ বাধাগ্রস্ত হয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে মন্থরতা দেখা দিতে পারে। এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রেখে তাদের পুনর্বাসনে সহায়তা দেওয়ার লক্ষ্যে ঋণ পুনঃতফসিলের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  • [১]