ছাতক প্রতিনিধি
ছাতকের ইসলামপুর ইউনিয়নে বৈশাকান্দি এলাকায় বাইরং নদীর ডাম্পিং সাইড থেকে ৩৮ জন ব্যবসায়ীর পাথর জব্দ করায় ছাতকে ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরাও এবং উপজেলা পরিষদ চত্তরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে ব্যবসায়ী নেতৃবৃন্দ পাথর জব্দ করা বেআইনী দাবী করে অবিলম্বে আটককৃত পাথর মালিকদের বুঝিয়ে দেয়ার দাবিতে নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেছেন। সোমবার দুপুরে ব্যবসায়ী নেতৃবৃন্দ এ স্মারকলিপি প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন সহকারী কমিশনার (ভূমি) সাবিনা ইয়াসমিন।
এসময় ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি
জয়নাল চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল হাই আজাদ, ছাতক লাইম ষ্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের প্রেসিডেন্ট আহমদ সাখাওয়াত সেলিম চৌধুরী, সেক্রেটারী সৈয়দ তৌফিক আহমদ ইকবাল, পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সহ-সভাপতি অদুদ আলম, সাধারণ সম্পাদক সামছু মিয়া, বাজার পরিচালনা কমিটির সভাপতি ইলিয়াছ চৌধুরী, ব্যবসায়ী আব্দুল জলিল, হাজী সুরুজ মিয়া, আরিছ উদ্দিন, ফজলু মিয়া চৌধুরী, সামসুল ইসলাম, আবুহুরায়রা ছুরত, সালেহ আহমদ, বাবুল মিয়া, অরুন কুমার দাস, আলী আজগর সোহাগ, ফয়েজ আহমদ, আবুল হাসান, ফজলুল করিম, নবী হোসেন, ছালেক মিয়া, আজহার আলী, হাজী বদরুল ইসলাম, আবুল মোনায়েম, আমিনুল হকসহ নৌকা মালিক সমিতি, সুকানী সমিতি, ট্রান্সপোর্ট সমিতি, লেবার সর্দার সমিতিসহ বিভিন্ন ব্যবসায়ী, মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় সহকারী কমিশনার (ভূমি) সাবিনা ইয়াসমিন ১৮ জুলাইর মধ্যে বিষয়টি সমাধানের আশ্বাস দেন।
উল্লেখ্য, গত ২৩ জুন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি) উপ-পরিচালক মামুনুর রশীদ, সহকারী পরিচালক (ভুতত্ত্ব) আলমগীর হোসেন, সহকারী পরিচালক (ভু-পদার্থ) মাহফুজুর রহমান সমন্বয়ে গঠিত তিন সদস্যের একটি টিম উপজেলা প্রশাসনের সহযোগিতায় ইসলামপুর ইউনিয়নের বাইরংনদীর তীরে অভিযান চালিয়ে ৩৮জন ব্যবসায়ীর প্রায় এক লক্ষ ঘনফুট পাথর জব্দ করেন। কোটি টাকা মূল্যের পাথর খনি ও খনিজ সম্পদ বিধিমালা ২০১২এর ২৩/২বিধিতে আটক করে তারা তাৎক্ষণিক নিলামে বিক্রির জন্য মাইকিং করে এলাকায় প্রচার করেন। কোন ক্রেতা না পেয়ে পাথরের ডাম্পিং সাইডে লাল পতাকা টানিয়ে জব্দকৃত এসব পাথর ইসলামপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হেকিমের জিম্মায় রাখা হয়।