আলী আহমদ, জগন্নাথপুর
জগন্নাথপুর পৌরসভার বেড়েছে করোনা আক্রান্ত। প্রতিদিনই উদ্বেগজনক হারে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। এদিকে আক্রান্তদের পরিবারের লোকজন হোম কোয়ারেন্টিনে আইন অমান্য করে প্রকাশ্য হাটবাজারে ঘোরাঘুরি করছে বলে অভিযোগ উঠেছে। এতে করে করোনা ঝুঁকি আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে মনে করছেন সচেতন মহল।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্র জানান, ঈদের পর পরই পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় ২৮ জন করোনায় শনাক্ত হন। গত ১ জুন থেকে ১১ জুন পর্যন্ত পৌর শহরসহ পৌরসভার বিভিন্ন এলাকায় ১১ জন করোনা আক্রান্ত হয়েছেন। দিনদিন আক্রান্তদের সংখ্যা বাড়লেও স্বাস্থ্যবিধি মানছেন না জনসাধারণ।
অধিকাংশ মানুষ মাস্ক ছাড়া বাহিরে অবাধে ঘোরাঘুরি করছেন।
সম্প্রতি পৌরসভায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর তাঁদের পরিবারের লোকজনকে শতভাগ হোম কোরারেন্টিনে রাখার নির্দেশ প্রদান করা হলেও অধিকাংশ পরিবারের লোকজন নির্দেশনা অমান্য করে শহরের হাটবাজারে প্রকাশ্য ঘোরাঘুরি করছেন।
জগন্নাথপুর পৌরশহরের শিক্ষক সাইফুল ইসলাম জানান, করোনা আক্রান্ত রোগীদের পরিবারের লোকজন হোম কোয়ারেন্টিনে আইন না মেনে প্রকাশ্য হাটবাজারের লোক সমাগমে ভিড়ে চলাফেরা করছেন। এতে করে করোনার ঝুঁকি আরো ভয়াবহতা রূপ নিতে পারে। দ্রুত এদের বিরুদ্ধে ব্যবসা গ্রহণ করার জন্য আহবান জানাচ্ছি।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর বলেন, সম্প্রতি পৌরশহরসহ উপজেলায় ২৮ জন করোনায় আক্রান্ত হন। আক্রান্ত রোগীদের পরিবারের সদস্যদের সরকারী নির্দেশনা অনুয়ায়ী আমরা শতভাগ হোম কোয়ারেন্টিনে রাখার নির্দেশ দিয়েছি। যখনই আমরা খবর পাই কেউ বাহিরে ঘুরছেন সঙ্গে সঙ্গে তাকে কোয়ারেন্টিনে পাঠানো হচ্ছে। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। অন্যথায় পরিস্থিতি চরম আকার ধারণ করতে পারে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম জানান, যারা নির্দেশনা অমান্য করবে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।