শহীদ নূর আহমেদ
নিত্য প্রয়োজনীয় দ্রব্য চালের মূল্য বাড়ছে নিয়ন্ত্রণহীনভাবে । সপ্তাহের ব্যবধানে চালের মূল্য কেজি প্রতি বেড়েছে ৬ থেকে ১০ টাকা। যা অন্যান্য বছরের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। শহরতলী ও উপজেলা বাজারের চালের মূল্যের চেয়ে গ্রামীণ বাজারে মূল্য বৃদ্ধির হার আরো বেশি। চালের এমন লাগামহীন মূল্যে বিপাকে পড়েছেন খেটে খাওয়া দিন আনা নিম্নআয়ের সাধারণ মানুষ। ধানের উচ্চমূল্য ও বাজারে চালের আমদানি কম হওয়ায় চালের মূল্য দিন দিন বাড়ছে বলে জানান জেলা-উপজেলা চাল ব্যবসায়ীরা। সরকারি উন্নয়ন কাজে (টিআর/কাবিখা) চালের বরাদ্দ না থাকায় বাজারে চালের মূল্য অস্থিতিশীল হচ্ছে বলে জানান তাঁরা। চালের বাজারমূল্য আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বাজারের ব্যবসায়ী ও ক্রেতারা।
সরেজমিনে জেলা শহরের একাধিক চালের দোকান ঘুরে ও ব্যবসায়িদের সাথে কথা বলে চালের দামের তারতম্য লক্ষ করা গেছে। পুরাতন জেলরোড এলাকার শুধাংশু এন্ড সন্স নামের চালের দোকানে চাল বিক্রি করা হচ্ছে, আতপ পুরাতন কেজি প্রতি ৩৯ থেকে ৪০ টাকা, আতপ নতুন ৩৩ থেকে ৩৫ টাক্,া মোটা আতপ ৩০ থেকে ৩১ টাকা, মোটা সিদ্ধ ৩৭ থেকে ৩৮ টাকা, কালিজিরা ৫০ থেে ক ৬০ টাকা। ২০ গজ সামনে মালতি নামে আরেক চালের দোকান চাল বিক্রি করছে আতপ পুরাতন কেজি প্রতি ৪০ থেকে ৪২ টাকা, নতুন আতপ ৩৫ থেকে ৩৬ টাকা, সিদ্ধ চিকন ৩৮ থেকে ৫০ টাকা। বিরুন প্রতি কেজি ৬০ টাকা। চাল ব্যবসায়ী সুধাংশু পাল ও মনা রায়ের সাথে চালের মূল্য নিয়ে কথা হলে তাঁরা বলেন, ধানের মূল্য এখন প্রতি মণ ১১০০ টাকা। তাই বাজারে চালের মূল্য বেশি। এদিকে চালের আমদানি কম হচ্ছে। আগে সরকারি কর্মসূচীর আওতায় টি আর, কাবিখাসহ উন্নয়ন কর্মসূচীর কাজে চালের বরাদ্দ হত। কিন্তু এখন এর পরিবর্তে টাকা বরাদ্দ দেয়া হয়। তাই বাজারে সিদ্ধ চালের আমদানিও কম হচ্ছে।
এদিকে বিভিন্ন উপজেলার চালের বাজারে চালের মূল্য জেলা শহরের চেয়ে বেশি। গ্রামীণ খুচরা বাজারে চালের মূল্য আরো বেশি।
দৈনিক সুনামগঞ্জ খবরের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজার প্রতিনিধি ইয়াকুব শাহরিয়ারের দেয়া তথ্য মতে, পাগলা বাজারে প্রতি কেজি আতপ-২৮ জাতের চিকন চাল ৪১ থেকে ৪২ টাকা মূল্যে বিক্রি হচ্ছে। সপ্তাহ খানেক পূর্বে যা ছিল ৬ থেকে ৭ টাকা কম । আতপ ২৯ চিকন প্রতি কেজি ৩৯ থেকে ৪০ টাকা। যার পূর্ব মূল্য ছিল ৩০ থেকে ৩২ টাকা। মুক্তা নতুন প্রতি কেজি ৩২ থেকে ৩৫ টাকা। যার পূর্বমূল্য ছিল ২৮ থেকে ২৯ টাকা। বিরুশাইল প্রতি কেজি ৩২ থেকে ৩৪ টাকা। যার পূর্বমূল্য ২৮ থেকে ২৯ টাকা। উপজেলায় সিদ্ধ চাউলের চাহিদা কম হওয়ায় সিদ্ধ চাউলের মূল্যের সঠিক তথ্য পাওয়া যায়নি।
দিরাই উপজেলা প্রতিনিধি আবু হানিফ চৌধুরীর দেয়া তথ্য অনুযায়ি, উপজেলা চাল বাজারে আতপ চিকন প্রতি কেজি ৪৪ থেকে ৪৫ টাকা। সপ্তাহখানেক পূর্বে যার মুল্য ছিল ৩৭ থেকে ৩৮ টাকা। আতপ মোটা প্রতি কেজি ৩৭ থেকে ৩৮ টাকা । যার পূর্বমূল্য ছিল ৩২ থেকে ৩৩ টাকা। আতপ নতুন প্রতি কেজি ৩৫-৩৬ টাকা। যার পূর্বমূল্য ছিল ৩০ টাকা।
তাহিরপুর উপজেলা প্রতিনিধি আমিরুল ইসলামের দেয়া তথ্য অনুযায়ি, তাহিরপুর উপজেলা চালের বাজারে আতপ পুরাতন প্রতিকেজি ৪০ টাকা ও আতপ নতুন ৩৮ টাকা দরে বিক্রি করা হচ্ছে। উপজেলা গ্রামীণ খুচরা বাজারে খবর নিলে প্রতি কেজি চালের দাম ৩ থেকে ৫ টাকা বেশি পাওয়া যায়।
চালের এমন লাগামহীন মূল্যে নিম্নআয়ের মানুষের মধ্যে দেখা দিয়েছে আকাল। দৈনন্দিন আয় -ব্যয়ের ভারসাম্য হারিয়ে ঋণগ্রস্ত হচ্ছেন অনেক দরিদ্র পরিবার। গেল মৌশুমে যে কৃষকদের ফলানো ধান আগাম বন্যায় তলিয়ে গেছে তাদের অবস্থা আরো করুণ। পরিবারের জীবিকা নির্বাহে হিমসিম পড়েছেন তাঁরা। বাড়ছে ঋণের বোঝা।
শহরতলির দিনমজুর ঝুমুর বেগম বলেন, আমি বিধাবা মানুষ। কয়েকটি সন্তান নিয়ে শহরের বস্তিতে থাকি। মানুষের বাসায় বাসায় কাজ করে সংসার চালাই। কাজ করে দিনে যে টাকা পাই তাঁর বেশির ভাগ চাউল কিনতে যায়গি। চাউলের দাম দিন দিন শুধু বাড়তেছে। এই ভাবে বাড়লে আমরা বাছমু কিলাখান।
ইস্তাক উদ্দিন নামে এক কৃষক বলেন গতবার বৈশাখে আমার সব জমি পাইনে নিছেগি। সারা বছর কিন্না খায়রাম। এতদিন চাউলের দাম যা অই আছিল। এখন দাম খালি বারের। ৫০ কেজি বস্তা ২০০০ থেকে ২২০০ টাকা। আয় ইনকামের চেয়ে ব্যয় বেশি। ঋণের বোঝা বেশি।
চালের এমন উর্ধ্বগতি নিয়ে জেলা মার্কেটিং অফিসার আব্দুল খালেকের সাথে কথা হলে তিনি বলেন, আমি শহরের বাইরে ছিলাম। বাজারে চালের মূল্যের অবস্থা আমারা জানা নেই। চালের মূল্য কেন বাড়ছে? এই উত্তর জানতে চাইলে তিনি মূল্য বাড়ার কারণ জানে না বলে জানান প্রতিবেদককে।