- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের ঝাঁজ

মোসাইদ রাহাত
কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। কয়েকদিন আগেও যে পেঁয়াজ পাইকারী বাজারে ২২০-২৩০ টাকা বিক্রি হচ্ছিল সেই পেঁয়াজ বর্তমানে কেজি প্রতি কমেছে ৭০-৮০ টাকা। তাছাড়া ডিসেম্বরের শুরুর দিকেই দাম আরো কমতে শুরু করবে বলে ধারণা ব্যবসায়ীদের।
শনিবার সরেজমিনে বিভিন্ন খুচরা ও পাইকারী বাজার ঘুরে দেখা যায়, পেঁয়াজের দামের ঝাঁজ কিছুটা হলেও কমেছে। শহরের কিচেন মার্কেট ও জেল রোড এলাকা ঘুরে দেখা যায়, ১৪৫-১৫০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। তাছাড়া খুচরা বাজারে ভারতীয় পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ১৬০-১৭০ টাকায়। দেশী পেঁয়াজ এখনও বাজারে আসতে শুরু না করলেও ব্যবসায়ীদের ধারণা খুব শীঘ্রই দেশি পেঁয়াজ বাজারে আসা শুরু করবে। তখন পেঁয়াজের বাজার আগের অবস্থায় ফিরে যাবে ।
পাইকারী পেঁয়াজ বিক্রেতা শ্যামল রায় বলেন, পেঁয়াজের দাম কমার পথে রয়েছে। ডিসেম্বর মাস শুরু হলে পেঁয়াজের দাম আরো কমে যাবে। বর্তমানে আমরা ১৪৫ টাকা করে পেঁয়াজ বিক্রি করছি। আশা করা যায় পেঁয়াজের দাম কমবে আরো। বর্তমানে আমাদের ভারত থেকে পেঁয়াজ আসলেও আমরা খুব বেশি একটা পাচ্ছি না। যা আসতেছে তা দিনের মধ্যেই বিক্রি হয়ে যাচ্ছে।
বাজারের জীবন আলী স্টোরের পাইকারী বিক্রেতা আলী আকবর বলেন, পেঁয়াজ আমদানী হচ্ছে, বর্তমানে দাম কিছু বেশি থাকলেও আগের থেকে অনেক কমেছে। এমনও গিয়েছে আমাদেরকে বাধ্য হয়ে পেঁয়াজ বিক্রি করতে হয়েছে ২০০ টাকা কেজিতে এখন যা বিক্রি করতেছি ১৪৫-১৫০ টাকায়।
পাইকারী বাজারে পেঁয়াজ কিনতে আশা খুচরা ব্যবসায়ী ইমরান আহমেদ বলেন, ৫০ কেজি পেঁয়াজ কিনলাম ১৫০ টাকা কেজিতে। বাজারে পেঁয়াজ আগের মতো নেই। কিন্তু কাস্টমারের চাহিদা থাকায় বাধ্য হয়েই কিছুটা বেশি দামেই আমরা পেঁয়াজ নিচ্ছি। এই পেঁয়াজ দোকানে নিয়ে ১৬০ টাকা করে বিক্রি করবো।
বাজারে পেঁয়াজ কিনতে আসা ক্রেতা ফরিদ উদ্দিন বলেন, পেঁয়াজের দাম আজকে কিছুটা কম লাগতেছে। কিন্তু সেই ১০০ টাকার উপরে। পেঁয়াজের দাম ১০০ টাকার উপরে আসবে সেটা আমাদের কোনদিন ধারণাতেই ছিলো না। কিন্তু সেই পেঁয়াজ ২৫০ টাকা কেজিতেও কিনেছি।

  • [১]