- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বাজেটে ভ্যাকসিন প্রদানকে গুরুত্ব দেওয়া হচ্ছে- পরিকল্পনা মন্ত্রী

স্টাফ রিপোর্টার
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেন, করোনা মোকাবিলায় পৃথিবীর সকল দেশই হিমশিম খাচ্ছে, আমেরিকা-ব্রিটেনের মত দেশ এই মহামারী মোকাবেলায় পাগল হয়ে গেছে। আমাদের প্রতিবেশী বিশাল রাষ্ট্র ভারতে দিনে তিন থেকে চার হাজার মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। পাশের বাড়িতে আগুন না নিভলে, আমার বাড়িতে আগুন নিভবে না। করোনা মোকাবেলায় আমরা যুদ্ধ করে যাচ্ছি। অন্য দেশগুলোর তুলনায় আমাদের দেশে মৃত্যুর সংখ্যা কম।
মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহসের সঙ্গে করোনার সঙ্গে যুদ্ধ করছেন, দেশের অর্থনীতির চাকাও সচল রেখেছেন।
তিনি বলেন, ভ্যাকসিন আমদানীর ক্ষেত্রে বাংলাদেশ সমস্যায় পড়ে গিয়েছিল, কারণ ভারতের সঙ্গে করা চুক্তি অনুযায়ী ভ্যাকসিন দিতে পারছে না তারা। আমরা চীন, রাশিয়া থেকে এখন ভ্যাকসিন সংগ্রহ করতে হবে।
মন্ত্রী বলেন, আগামী বাজেটে কোভিড মোকাবেলা ও কোটি মানুষকে ভ্যাকসিন প্রদানকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। স্বাস্থ্যখাতকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের নবীনগর এলাকায় খন্দকার আলখাছ ও আমিনা বেসরকারি ৫০ শয্যা হাসপাতালের উদ্বোধন শেষে মন্ত্রী এসব কথা বলেন।
সুনামগঞ্জে বিমানবন্দর হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, একটা এয়ার ট্রিপ কয় ট্যাকা লাগে। ছোট ছোট প্লেন নামবে প্যাসেঞ্জার নিয়ে। তারা টাঙ্গুয়ার হাওর যাবে। মাছ মাংস খাবে। বাড়ি চলে যাবে।
তিনি আরও বলেন, আমরা সুনামগঞ্জকে রেললাইনের সঙ্গে সংযুক্ত করব। এ নিয়ে আপনাদের মনে যেন কোনো সন্দেহ না থাকে। সুনামগঞ্জ থেকে মোহনগঞ্জ যাবে রেললাইন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে পাঁচ বছরেই এ সকল কাজ করা সম্ভব।
পরিবেশ নিয়ে সরকার চিন্তিত উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন- দেখার হাওর, টাঙ্গুয়ার হাওর আমাদের বিশাল সম্পদ। এগুলো আমরা ধ্বংস করতে চাই না। কারও বাড়িতে যদি পুকুর থাকে সেগুলো ভরাট করতে নিষেধ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। হাওরের জীববৈচিত্র্যের ক্ষতি করবে এমন কোনো পরিকল্পনা বাংলাদেশ সরকার করবে না।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো.জাহাঙ্গীর হোসেন, সিভিল সার্জন ডা. শামস উদ্দিন, পৌর মেয়র নাদের বখ্ত, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, খন্দকার আলখাছ ও আমিনা বেসরকারি ৫০ শয্যা হাসপাতালের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আলখাছ উদ্দিন খন্দকার, হাসপাতালের এমডি খন্দকার মঞ্জুর আহমেদ প্রমুখ। অনুষ্ঠান শেষে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনও নবনির্মিত হাসপাতাল ঘুরে দেখেন।

  • [১]