বাদাঘাট সংবাদদাতা
তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে রহমত আলী নামের এক কয়লা ব্যবসায়ীকে দিন দুপুরে প্রকাশ্যে অপহরণ করে নিয়ে গাছের সঙ্গে বেঁধে অমানুষিক নির্যাতন করার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে বাজারের পাশ্ববর্তী কামরাবন্দ গ্রামের তাহের মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।
খরর পেয়ে স্থানীয় লোকজন ওই ব্যবসায়ীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। এঘটনায় শুক্রবার রাতেই আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাসহ ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় দেড় লাখ টাকা ছিনতাই হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। তবে পুলিশ ঘটনার সাথে জড়িত কাউকেই গ্রেফতার করতে পারেনি।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার সকালে বাদাঘাট বাজারের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে বসা ছিলেন পৈলনপুর গ্রামের মৃত জব্বর আলীর ছেলে রহমত আলী (রহমু মিয়া)। এসময় বাজারের পার্শ্ববর্তী কামরাবন্দ গ্রামের তাহের মিয়ার ছেলে ইউনিয়ন ছাত্রলীগ কর্মী তোফাজ্জল হোসেনের নেতৃত্বে ১৪ থেকে ১৫ জন লোক অস্ত্রের মুখে রহমত আলীকে অপহরণ করে নিয়ে যায়। পরে বাজারের পার্শ্ববর্তী নিজের বাড়িতে রহমত আলীকে গাছের সঙ্গে বেঁধে রেখে অমানুষিক নির্যাতন চালায় তোফাজ্জল হোসেন। মারধরে রহমত আলীর মাথায় ও শরীরের বিভিন্ন স্থান জখম হয়। পরে বাজারের ব্যবসায়ীরা ও এলাকাবাসী আহত রহমত আলীকে তাহের মিয়ার বাড়ি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অপহরণ করে বাড়িতে আটকে রেখে গাছের সাথে বেঁেধ গুরুতর জখম করা ও বাড়িতে আটকে রাখার অভিযোগ এনে ভিকটিমের ভাই জয়ধর আলী রাতেই থানায় মামলা দায়ের করেন।
মামলায় আসামী করা হয়েছে, কামড়াবন্দ গ্রামের
মৃত হাজি ছমির উদ্দিনের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবু তাহের মিয়া, তার ছেলে ইউনিয়ন ছাত্রলীগ কর্মী তোফাজ্জল হোসেন, মৃত নাজির মিয়ার ছেলে কাজল মিয়া, তার ছেলে সুজন মিয়া, কালা মিয়ার ছেলে হাবিব মিয়া, দুলাল মিয়ার ছেলে মিলন মিয়া, মল্লিকপুর গ্রামের আবদুল খালেকের ছেলে হানিফ মিয়া, মোল্লাপাড়া গ্রামের গোলাম আকবরের ছেলে মাজেদ মিয়াকে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রহমত আলী জানান, তাহের মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন তার দলবল নিয়ে দীর্ঘ দিন ধরেই আমার নিকট দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলো। শুক্রবার আমাকে অপহরণ করে নিয়ে গিয়ে দেড়লাখ টাকা ছিনিয়ে নেয়ার পরও আরো ৫০ হাজার টাকার জন্য গাছের সাথে বেঁধে রাখে এবং কয়েক দফা মারপিট করে। পরে বাজারের লোকজন আমাকে উদ্ধার করে।
এ ব্যাপারে অভিযুক্ত তোফাজ্জল হোসেন পিতা তাহের মিয়া সব অভিযোগ অস্বীকার করে বলেন,‘ চাঁদাদাবি ও টাকা ছিনতাই করে নেয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি ঘটনাস্থলে ছিলাম না। একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটেছে। আমার ছেলে এই ঘটনার সাথে জড়িত কিনা আমার জানা নেই।
বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপ্তাব উদ্দিন বলেন,‘একজন ব্যবসায়ীকে বাজার থেকে অপহরণ করে নিয়ে গাছের সাথে বেধে নির্যাতন করার ঘটনাটি সঠিক। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।’
তাহিরপুর থানার ওসি মো. শহীদুল্লাহ বলেন,‘ব্যবসায়ীকে গাছের সাথে বেঁেধ নির্যাতনের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে এলাকায় আরো নানা অভিযোগ রয়েছে। আসামীদের দ্রুত গ্রেফতারে জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।