- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বাদাঘাট (দ.) ইউপি নির্বাচন তেমন আগ্রহ নেই ভোটারদের মাঝে

সালেহ আহমদ,বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট (দ.) ইউনিয়ন পরিষদ নির্বাচনে সমভোট প্রাপ্ত আওয়ামী লীগের প্রার্থী আব্দুল গনি ও জাতীয় পার্টির প্রার্থী এরশাদ মিয়ার মধ্যে  আবারো ভোটের লড়াই শুরু হয়েছে। নির্বাচনে আর মাত্র ৫ দিন বাকি।
আগামী ৩১ অক্টোবর নির্বাচনকে কেন্দ্র প্রচার প্রচারণা শুরু হলেও তৃতীয় কোন প্রার্থী না থাকায় আগের নির্বাচনের   মত মাঠ তেমন গরম হয়ে উঠেনি। তবে প্রার্থী সংখ্যা ২ জন থাকায় ভোটারদের সিদ্ধান্ত নিতে বেগ পেতে হবে না। গত ৪ জুন ২০১৬ তারিখে ৬ষ্ঠ ধাপে উপজেলার ৫টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে বাদাঘাট (দ.) ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থী আব্দুল গণি নৌকা প্রতীকে ও জাতীয় পার্টির দলিয় প্রার্থী মোঃ এরশাদ মিয়া লাঙ্গল প্রতীকে ৪,০৩০ টি করে ভোট পাওয়ায় নির্বাচন কমিশন উক্ত পদের ফলাফল স্থগিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অবহিত করেন।
পরবর্তীতে আওয়ামী লীগ প্রার্থী আ. গনি প্রাপ্ত পূর্ণগগনার জন্য হাই কোর্টে একটি আবেদন করেন। জাতীয় পার্টির এরশাদ মিয়া পুননির্বাচন চেয়ে নির্বাচন কমিশনে একটি আবেদন করেন। ফলে নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশ অনুযায়ী অত্র ইউনিয়নে চেয়ারম্যান পদে সমভোট প্রাপ্ত প্রার্থীদ্বয়ের মাঝে আগামী ৩১ অক্টোবর ২০১৬ তারিখে নির্বাচনের দিন ধার্য করেন। দুই চেয়ারম্যান প্রার্থী প্রচারণায় নেমেছেন। তারা ভোটারদের দ্বারে দ্বারে ভোট চেয়ে ঘুরে বেড়াচ্ছেন।
সাধারণ ভোটারদের মধ্যে অন্যান্য নির্বাচনের মত উৎসাহ-উদ্দীপনা দেখা যায় নি। তবে ২ প্রার্থীর মধ্যে কাকে ভোট দিলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন বেশি হবে এনিয়ে সচেতন ভোটারা হিসাব কষছেন।
বর্তমানে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় উপজেলা, জেলা ও কেন্দ্রীয় নেতাদের মনোনীত দলীয় প্রার্থী আ. গনিকে নৌকা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করা আবশ্যক বলে মনে করেন দলীয় নেতাকর্মীসহ অনেকেই।
অপরদিকে অনেক ভোটার জাতীয় পার্টির দলীয় মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ’র আর্শিবাদপুষ্ট প্রার্থী এরশাদ মিয়াকে কয়েক বছর পূর্ব থেকেই উন্নয়মূলক বিভিন্ন কর্মকান্ডে সম্পৃক্ত থাকায় ভোটাদের মধ্যে তাকে নিয়েও আগ্রহ রয়েছে। অনেকেই ভাবছেন তাকে নির্বাচিত করলে এলাকার সার্বিক উন্নয়ন বেশি হবে। এই হিসাব নিকাশ নিয়ে ভোটারদের মধ্যে ব্যাপক জল্পনা কল্পনা চলছে। তবে সুছু শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্নের লক্ষে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন।

  • [১]