- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বাদে মধ্যনগর দিঘর জলমহাল- ধর্মপাশায় দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার বাদে মধ্যনগর দিঘর জলমহালে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ তিনজন পাহারাদারকে রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গলহা গ্রাম থেকে উদ্ধার করে পুলিশ। ওইদিন দুপুর আড়াইটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, এ জলমহাল নিয়ে গত কয়েক মাস ধরে আরিফপুর মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ইজারাদার আবদুল আজিজের সাথে মধ্যনগর থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও গলহা গ্রামের বাসিন্দা পরিতোষ সরকার, আরিফপুর গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান হবি এবং তাঁর বড় ভাই মঞ্জু মিয়ার বিরোধ চলে      
আসছে। বিষয়টি তদন্ত করতে গিয়ে উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম হামলার শিকার হয়েছেন। পরে সহকারি মৎস্য কর্মকর্তার দায়ের করা মামলায় হাবিবুর রহমান হবি, মঞ্জু মিয়াসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার দুপুরে জলমহালের পাহারাদার আরিফপুর গ্রামের সাহাব উদ্দিন, মোজাম্মেল ও শিবরামপুর গ্রামের কামাল জলমহালে নিয়মিত পাহারা দিতে গেলে পরিতোষ সরকারের সমর্থকদের সাথে সংঘর্ষ বাধে। এ সময় পাহারদাদেরকে ধরে অন্যত্র নিয়ে যাওয়া হয় বলে জানায় ইজারাদার। তখন থেকে নিখোঁজ ছিল তারা। খবর পেয়ে ইজারাদারের লোকজন ঘটনাস্থলে যায়। এ সময় উভয়পক্ষের মধ্যে পুনরায় সংঘর্ষ হলে খালিসাকান্দা গ্রামের মো. মুকসেদ মিয়া, আল আমিন, সাজিবুর, আ. রব ও আরিফপুর গ্রামের সোহাগ, গলহা গ্রামের জালাল মিয়া, জিলাল মিয়া, আরিফপুর গ্রামের সুজন মিয়া, কাসেম মিয়াসহ অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে ৮জনকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা সাময়িক চিকিৎসা নিয়েছেন।
ইজারাদার আবদুল আজিজ বলেন, পরিতোষ সরকারের লোকজন আমার জলমহালে জোরপূর্বক মাছ শিকার করে আসছে। মাছ ধরতে বাধা দেওয়ায় আমার পাহারাদারকে ধরে নিয়ে যায় এবং মারধর করে।
তবে পরিতোষ সরকার দাবি করেছেন তিনি কয়েকদিন ধরে ময়মনসিংহের ফুলপুরে শশুর বাড়িতে আছেন। স্থানীয় জেলেদের সাথে ইজারাদারের লোকজনের ঝামেলা হয়েছে বলে শুনেছেন তিনি। এ ঘটনার সাথে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।
মধ্যনগর থানার ওসি সেলিম নেওয়াজ বলেন, ‘জলমহালে মাছ ধরাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। তিনজন পাহারাদারকে গলহা গ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ।’

  • [১]