- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বানভাসীর পাশে দাঁড়ালেন সাজেদা

ধর্মপাশা প্রতিনিধি
খাদ্য সহায়তা নিয়ে বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছেন সাজেদা আহমেদ নামের এক নারী। তিনি তাঁর ব্যক্তিগত অর্থায়নে বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছেন। প্রতিদিনই ছুটছেন নিজ এলাকার প্রত্যন্ত ও যোগাযোগ বিচ্ছিন্ন গ্রামগুলোতে। আর দুর্গতের মাঝে নিজের হাতে তুলে দিচ্ছেন প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। সাজেদা আহমেদ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বংশীকুন্ডা দক্ষিণ ইউপি চেয়ারম্যান রাসেল আহমেদের স্ত্রী।
সাজেদা আহমেদ গত বুধবার থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছেন। শনিবার পর্যন্ত তিনি বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের রংচী, আলমপুর, নয়াপাড়া, শাহাপুর, বুড়িপত্তন, নোয়াগাঁও, কান্দারবাড়ি, আদর্শগ্রাম, রৌহা, বংশীকুন্ডা, নিশ্চিন্তপুর, হাতপাটন, সানুয়াসহ ১৬টি গ্রামের ৪০০ পরিবারের মাঝে চাল, ডাল, আলু, সয়াবিন তেল, শুকনা খাবার, স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। নারী হিসেবে তাঁর এই তৎপরতাকে ইতিবাচক হিসেবে দেখছেন এলাকাবাসী। এসব ত্রাণ বিতরণের সময় সাজেদা আহমেদকে ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক অমিত হাসান, জেলা ছাত্রলীগের সহ—সভাপতি নিউটন সরকার, ইউনিয়ন কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য দেলোয়ার হোসেন, বংশীকুন্ডা কলেজের প্রভাষক সুমী হাসান, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রাহিমুল ইসলাম, টনিক সরকার সবার্ত্মকভাবে সহযোগিতা করে যাচ্ছেন।
বংশীকুন্ডা কলেজের প্রভাষক সুমী হাসান বলেন, ‘নারীরা আজ ঘর গৃহস্থালিতেই সীমাবদ্ধ নয়। যে কোনো দুর্যোগেও তাঁরা যে পুুরুষের মতো সক্রিয় ভূমিকা পালন করতে পারেন তার প্রমাণ এই সাজেদা আহমেদ।’
সাজেদা আহমেদ বলেন, ‘হাওরাঞ্চলের মানুষ এমনিতেই বিভিন্ন দুর্যোগের মধ্য দিয়ে জীবন যাপন করেন। আকস্মিক বন্যায় হাওরের মানুষেরা খুব অসহায় হয়ে পড়েছেন। শুধুমাত্র সদিচ্ছা থাকলেই অসহায় মানুসের পাশে দাঁড়ানো যায়। সরকারি সহায়তার পাশাপাশি মানবিক মানুষদের এগিয়ে আসার আহ্বান জানাই।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির হাসান বলেন, ‘বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগত সহায়তার বিষয়টিকে আমরা উৎসাহিত করছি। সাজেদা আহমেদের ব্যক্তিগত উদ্যোগকে সাধুবাদ জানাই।’

  • [১]