বিশেষ প্রতিনিধি
দিরাই উপজেলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা বিশিষ্ট পার্লামেন্টালিয়ান সুরঞ্জিত সেনগুপ্ত এমপি’র জনসভায় বোমা বিস্ফোরণ মামলায় (জিআর ৪৭/২০০৪) সিলেট সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার বরখাস্তকৃত মেয়র জি কে গউছকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ রোববার সুনামগঞ্জের আমল গ্রহণকারী জামালগঞ্জ-দিরাই আদালতে হাজির করে ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন জানায় রাষ্ট্রপক্ষ। উভয় পক্ষের শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আবদুল্লা মোহাম্মদ সালেহ তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে আসামি পক্ষের জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।
২০০৪ সালের ২১ জুন সুনামগঞ্জের দিরাই উপজেলা শহরে সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা বিস্ফোরণ ঘটে। অল্পের জন্য রক্ষা পান সুরঞ্জিত। এতে ওয়াহিদ নামের এক যুবলীগ কর্মী নিহত ও ২৯ জন আহত হন। পরদিন পুলিশ বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে দিরাই থানায় মামলা দায়ের করে। এই মামলায়
প্রথমে পুলিশি তদন্ত এবং পরে সিআইডি অধিকতর তদন্ত করে। তদন্ত শেষে গত ২০ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) হবিগঞ্জ জোনের সহকারী পুলিশ সুপার বসু দত্ত চাকমা আরিফ ও গউছকে গ্রেপ্তার দেখাতে আবেদন করেন। এরপর সিআইডি গত ২৯ আগস্ট মামলার চার্জশীট থানায় দাখিল করে এবং গত ১৫ সেপ্টেম্বর আদালতে দাখিল করে।
চার্জশীটে ১৩ জনকে দোষী সাব্যস্ত করে আসামী করা হয়। এরা হলেন- মুফতি আব্দুল হান্নান মুন্সি, শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল, সৈয়দ নাঈম আহমেদ আরিফ, মহিব উল্লা ওরফে মফিজুর রহমান, মুফতি আইন উদ্দিন ওরফে আবু জান্দাল ওরফে মাছুম বিল্লাহ্, মো. দেলোয়ার হোসেন ওরফে রিপন, নাজিউর রহমান ওরফে নাজু ওরফে নাজমুল হক। এরা জেল হাজতেই রয়েছেন এবং এদের এই মামলায় গ্রেপ্তারও দেখানো হয়েছে। এছাড়া শেখ আব্দুস সালাম, আব্দুল মাজেদ ভাট ওরফে ইউসুফ ভাট ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর জেল হাজতেই রয়েছে। এদের এখনো গ্রেপ্তার দেখানো হয়নি। হবিগঞ্জ পৌরসভার বরখাস্তকৃত মেয়র গোলাম কিবরিয়া গৌছ ও সিলেট সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর জন্য রোবার আদালতে হাজির করে পুলিশ। সিলেট সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক এবং হবিগঞ্জ পৌরসভার মেয়র জিকে গৌছ প্রয়াত সাবেক অর্থমন্ত্রী শাহ্ এএমএএস কিবরিয়া হত্যা মামলার আসামী হিসাবে জেল হাজতে রয়েছেন। গত ৬ সেপ্টেম্বর আরিফুল হক এবং ২৪ অক্টোবর জিকে গৌছ উচ্চ আদালত থেকে জামিন পেলেও সুরঞ্জিত সেন গুপ্তের সমাবেশে বোমা বিস্ফোরণ মামলায় প্রোডাকশন ওয়ারেন্ট থাকায় তাদের পুলিশ হেফাজতে রাখা হয়। অন্য আরেক আসামী মো. তাজ উদ্দিন পলাতক রয়েছেন।
রোববার সকাল ১১ টায় চার্জশীট গ্রহণের শুনানী এবং এই মামলার ১১ ও ১২ নম্বর আসামী পর্যায়ক্রমে গোলাম কিবরিয়া গৌছ ও আরিফুল হক চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে হাজির করে পুলিশ । এরপর রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবীরা শুনানিতে অংশ নেন।
আসামি পক্ষের শুনানিতে অংশ নেন মোহাম্মদ ফজলুল হক আছপিয়া, শহীদুজ্জামান চৌধুরী, মল্লিক মইনউদ্দিন আহমেদ সুহেল, মাসুক আলম, মো. শেরেনুর আলী, আব্দুল হকসহ বিপুল সংখ্যক আইনজীবী।
রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী কৌসুলি এপিপি শহীদুল হাসমত খোকন, নজরুল ইসলাম, মনিষ কান্তি দে, মো. জুয়েল মিয়া প্রমুখ।
আসামী পক্ষের আইনজীবীরা বলেন, ‘১২ বছর ২৬ দিন পর উদ্দেশ্যমূলকভাবে জনপ্রিয় এই দুই রাজনীতিককে এই মামলায় চার্জশীটভুক্ত করা হয়েছে। তড়িঘড়ি করা এই চার্জশীটে আইনী দুর্বলতা রয়েছে।’ যথেষ্ট আলামত না থাকায় চার্জশীট গ্রহণ না করার জন্য আদালতের প্রতি আবেদন জানান আসামী পক্ষের আইনজীবীরা। আসামীদের জামিন প্রার্থনাও করেন তারা।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন,‘অধিকতর তদন্ত ও সকল আইন-কানুন মিলেই আসামীদের চার্জশীটভুক্ত করা হয়েছে’।
শুনানী শেষে আদালত জামিন না মঞ্জুর ও চাজশীট গ্রহণের আদেশ প্রদান করেন।
এদিকে, দলীয় নেতা আরিফুল হক ও জিকে গৌছকে সুনামগঞ্জ আদালতে প্রাঙ্গণে নিয়ে আসলে বিএনপি নেতাকর্মীরা ভিড় জমান। আইনজীবীগণ ছাড়াও বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, পৌর বিএনপি’র প্রথম সদস্য নূর হোসেন, জেলা কৃষক দলের আহ্বায়ক আতম মিসবাহ্, দলীয় নেতা আবুল মুনসুর শওকত, জেলা যুবদলের যুগ্মআহ্বায়ক এটিএম হেলাল, জেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল ইসলাম নুরুল, যুগ্মআহ্বায়ক ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ আমিন, দলীয় নেতা মোর্শেদ আলম, মুনাজ্জির, কালারচাঁন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।