স্টাফ রিপোর্টার
সারাদেশে চাল, ডাল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে ডাকা বাম গণতান্ত্রিক জোটের অর্ধদিবস হরতাল সুনামগঞ্জে সফল করতে সকাল থেকে রাজপথে ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সুনামগঞ্জ জেলা কমিটির নেতাকর্মীরা। সোমবার ভোর ৬টা থেকে শহরের আলফাত স্কয়ারে অবস্থান নিয়ে মানুষকে হরতাল পালনের আহ্বান জানান নেতাকর্মীরা।
সমাবেশে সংহতি জানান, খেলাঘর আসরের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সভাপতি বিজন সেন রায় ও জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি পঙ্কজ দে। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সিপিবি’র সাবেক সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, সুনামগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি শামস শামীম, সাংবাদিক মুর্শেদুর রহমান স্বপন, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আসাদ মনি, সাধারণ সম্পাদক নিমাই সরকার, মিল্লাদ হোসেন প্রমুখ।
সমাবেশে সুনামগঞ্জ সিপিবি’র সাধারণ সম্পাদক জালাল সুমন বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে হরতাল করছে বাম গণতান্ত্রিক জোট।
সংগঠনের সভাপতি অ্যাড. এনাম আহমেদ বলেন, সমাজের সর্বস্তরের নিম্ন আয়ের মানুষের সমর্থনে হরতাল পালিত হয়েছে। তিনি ভোগ্যপণ্যের দাম কমাতে আগামী দিনের কর্মসূচিতে সহযোগিতা আশা করেন।