- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বারী সিদ্দিকীর সুরে-লয়ে মগ্ন হাজারো দর্শক

সজিব দে
ভীড়ে ঠাসা অডিটোরিয়াম, তিল ধারণের ঠাঁই নেই। এক চেয়ারে দু’জন বসা। শিল্পী বারী সিদ্দিকী মঞ্চে এসে দরাজ কণ্ঠে গান ধরতেই পুরো হলে নিরবতা। যেন আলাদা ভঙিমা তাঁর। বললেন রাধারমণ, বাউল   স¤্রাট শাহ আব্দুল করিমের দেশে গান করতে এসেছি। এ যেন সৌভাগ্য আমার। একে একে জনপ্রিয় গান গাইতে থাকলে ভিড়ও বাড়তে থাকে। হাজারো দর্শক জনপ্রিয় এই শিল্পীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গেয়েছেন একাধিক গান। বারী সিদ্দিকী মাঝখানে একবার বলছিলেন-চলবে কী-না। একসঙ্গে দর্শক শ্রোতারা বললেন, ‘সারারাত চলবে।’ শিল্পকলার হল ছাড়িয়ে দর্শকদের ভিড় সামনের সড়ককেও বন্ধ করে দিয়েছিল। বারী সিদ্দিকী ‘সোনারপুরি আন্ধার করে- যেদিন পাখি যাবে উড়ে …, আমি একটা জিন্দা লাশ-কাটিশ নারে জঙলার বাঁশ … , ঘরে জ্বালা-বাইরে জ্বালা-জ্বালা রাইতে দিনে…, আষাঢ় মাইস্যা ভাষাণ পানিরে…, শুয়া চাঁন পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো না কী…, এসব জনপ্রিয় গান শিল্পী যেমন চোখ বন্ধ করে গাইছিলেন, দর্শকরা সুনসান নিরবতায় শুনছিলেন। শিল্পীর গান গাওয়া ও শারীরিক ঢঙয়ে পুরো হল যেন মিশে গিয়েছিলো তাঁর সঙ্গে। গান শেষ করলেন নিজের নানা শ্বশুর প্রয়াত রাজনীতিক আব্দুল হেকিম চৌধুরী ও আব্দুর রইছ এমপিকে স্মরণ করে। বললেন, ‘আমার ব্যস্ততা ছিলো, কিন্তু ২৫ বছরের বন্ধু ফজলুল কবির তুহিনের আহ্বান এবার ফেলতে পারিনি, আমি ব্যারিস্টার ইমনের নান্দনিক সুনামগঞ্জের সঙ্গে একাত্মতা পোষণ করছি’।
শেষে অ্যাড. শামছুন নাহার বেগম শাহানা এমপি ও ব্যারিস্টার এম এনামুল কবির ইমন সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে বারী সিদ্দিকীকে ধন্যবাদ জানান।   

  • [১]