- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বালিজুরীতে ধানের শীষ পেয়েছে মাত্র ১৪৫ ভোট

আমিনুল ইসলাম, তাহিরপুর
ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাহিরপুরের বালিজুরী ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী উপজেলা শ্রমিকদলের সভাপতি ফেরদৌস আলম ধানের শীষে প্রতীকে মাত্র ১৪৯ ভোট পেয়েছেন। বিএনপি প্রার্থীর মাত্র ১৫৪ ভোট পাওয়ায় বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। স্থানীয় ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের অভিমত প্রার্থী নির্বাচনে দল ভুল করায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানের শীষ প্রতীক এত কম ভোট পেয়েছে।
বালিজুরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জমিরুল হক বলেন,‘ধানের শীষ প্রতীকে এত কম ভোট আমাদের জন্য লজ্জার। দল প্রার্থী নির্বাচনে ভুল করায় এ রকম ভরাডুবি হয়েছে।’
ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিএনপি বিদ্রোহী প্রার্থী সাখাওয়াত হোসেন বলেন,‘দল আমাকে ধানের শীষ প্রতীক দিলে আমি বিজয়ী হতাম। আমি ব্যক্তি ইমেজে ঘোড়া প্রতীকে ১৫৬৫ ভোট পেয়েছি।’
এ ব্যাপারে বিএনপির দলীয় চেয়ারম্যান প্রার্থী ফেরদৌস আলম দৈনিক সুনামগঞ্জের খবরকে বলেন,‘ আমি বিএনপির দলীয় চেয়ারম্যান প্রার্থী ছিলাম। কিন্তু উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন কোন ধরনের সহযোগিতা করেন নি। উল্টো বিএনপি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করেছেন। তাই নির্বাচনে এই ফলাফল হয়েছে। ’
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন বলেন,‘প্রার্থী এবং দলীয় নেতৃবৃন্দের অনাকাঙ্খিত বিব্রতকর পরিস্থিতির কারণে বালিজুরী ইউনিয়নে ধানের শীষ প্রতীকের বিপর্যয় ঘটেছে।’
উল্লেখ্য এ ইউনিয়নে ভোটারের সংখ্যা ১১ হাজার ৬২১। এর মধ্যে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী আব্দুল জহুর তালুকদার আনারস প্রতীকে ৩৯১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আওয়ামী লীগের প্রার্থী আতাউর রহমান ৩০১৪ ভোট পেয়েছেন।

  • [১]