- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বাল্যবিয়ে প্রতিরোধ- ভুয়া জন্ম সনদকে ঠেকালো স্কুলসনদ

স্টাফ রিপোর্টার
মাদ্রাসা কর্তৃপক্ষের ভুয়া সার্টিফিকেট দেখে ইউপি চেয়ারম্যান ভুয়া জন্মসনদ দিলেন। কিন্তু উদ্দেশ্য সাধন হলো না কারোরই। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, মহিলা পরিষদ নেতৃবৃন্দ প্রকৃত জন্ম তারিখ দেখানোয় কাজী বিয়ে পড়া থেকে বিরত থাকলেন। বর এবং বরযাত্রী কেবল খাওয়া দাওয়া সেরেই বাড়ি ফিরলেন। সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইড় ইউনিয়নের আবিদপুরে বুধবার এই ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, ২০১৫ সালে আবিদপুর গ্রামের এক কিশোরী প্রাথমিক সমাপনী পরীক্ষা দেওয়ার পর স্থানীয় উলুতুলু মাদ্রসায় পড়াশুনা করেছে বলে দাবি করা হয়। বিদ্যালয়ে ঐ কিশোরী’র জন্মতারিখে (প্রাথমিক সমাপনী পরীক্ষার সনদ অনুযায়ী) উল্লেখ ছিল ২০০৩ সাল। অর্থাৎ কিশোরী’র বয়স এখন ১৪ বছর। বুধবার ঐ কিশোরী’র বিয়ের আয়োজন করা হয় ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের হাবিদপুর গ্রামের কলমদর আলী ও রংফুল বেগমের ছেলে আমজদ আলী’র সঙ্গে।
এই বাল্য বিয়ে ঠেকাতে সকাল থেকেই তৎপর হয় জেলা মহিলা পরিষদ। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মহিলা পরিষদের পক্ষ থেকে লিখিত     
আবেদনও করা হয়। কিন্তু ইউপি চেয়ারম্যান মো. শামছুল ইসলামের দেওয়া ভুয়া বয়সের সনদ (জন্ম নিবন্ধন)  দেখোনো হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানকে।
কিন্তু মহিলা পরিষদ ও স্থানীয় শাখাইতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন তাৎক্ষণিক জানান, মেয়েটি ২০১৫ ইংরেজি সনে সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং পরীক্ষায় উত্তীর্ণ সনদে ২০০৩ সালই তাঁর জন্ম তারিখ উল্লেখ রয়েছে।
বিয়ের কাজী নুরুল হক নোমান শেষে বিয়ে পড়াননি। বর এবং বর যাত্রীদের বিয়ে বাড়ী’র আয়োজিত খাওয়া-দাওয়া সেরে বিয়ে না করেই ফিরতে হয়।
জেলা মহিলা পরিষদের সভানেত্রী গৌরী ভট্টাচার্য বলেন,‘এভাবেই ভুয়া সনদে বাল্য বিয়ে হচ্ছে। বাল্য বিয়ে ঠেকাতে হলে ইউপি চেয়ারম্যাগণসহ সকলকেই সচেতন হতে হবে।’
কাজী নুরুল হক নোমান বলেন,‘প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষায় ঐ শিক্ষার্থীর জন্মতারিখ যা দেওয়া আছে, তাতে তার বিয়ে পড়ানো যায় না। এজন্যই আমি বিয়ে পড়াইনি।’
ইউপি চেয়ারম্যান মো. শামছুল হক বলেন,‘উলুতুল মহিলা মাদ্রাসা থেকে দেওয়া সার্টিফিকেটে মেয়েটির জন্ম তারিখ ০৩.০১.১৯৯৮ দেখানোয় আমরা জন্ম নিবন্ধনে ঐ তারিখেই জন্ম দেখিয়েছি। ভুল হলে মাদ্রাসা কর্তৃপক্ষের আমাদের নয়।’
উলুতুল মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মো. শিব্বির আহমদের মুঠোফোনে এ বিষয়ে জানতে বার বার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

  • [১]