- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বাল্য বিয়েমুক্ত ঘোষিত হলো সদর উপজেলা

আকরাম উদ্দিন
সদর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়া হয়। সদর উপজেলা কার্যালয়ের আয়োজনে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে শপথবাক্য পাঠ করান    অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি পীর ফজলুর রহমান মিসবাহ এমপি।
সদর উপজেলা পরিষদের সহযোগিতায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ চৌধুরী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব ও নিগার সুলতানা কেয়া, নারী নেত্রী শীলা রায়। এছাড়াও বক্তব্য রাখেন মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল হক, কাজী মাও. সাহেদ আলী, শিক্ষার্থী সালমা আক্তার ও অনামিকা রায়। অনুষ্ঠান উপস্থাপনা করেন নাট্যকর্মী সামিনা চৌধুরী মনি।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, ‘অনেক আগেই বাল্যবিবাহ প্রতিরোধ আইন ঘোষণা করা হয়েছে। এই হিসাবে দেশ বাল্যবিবাহ মুক্ত হয়েছে। বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের সঠিক দায়িত্ব পালন না করায় আজ কিছু কিছু জায়গায় সচেতনতা তৈরি করতে হচ্ছে। বাল্যবিবাহ মুক্ত করতে ইউনিয়ন পরিষদের সদস্যরা আন্তরিকভাবে দায়িত্ব পালন করছেন। তাই বাল্যবিবাহ প্রতিরোধ করতে সহজ হচ্ছে। প্রায়ই শুনা যায় অনেক স্থানে শুধু ধর্মীয়ভাবে বাল্যবিবাহ সম্পন্ন করা হয়। আইনীভাবে কোনো কাজীকে ডাকা হয় না। কারণ কাজী সাহেব এই বিয়ে পড়াবেন না। এসব ভেবে পিতা-মাতা বা আত্মীয়রা কম বয়সী মেয়ে বা ছেলেদের বিয়ে দেন। এসব বিবাহ সম্পাদনের খোঁজ-খবর নিতে হবে ইউনিয়ন পরিষদের সদস্যদের। সরকার বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্ব দিচ্ছেন বেশি।’
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন, ‘ইউনিয়ন পরিষদের সদস্যদের মধ্যে বাল্যবিবাহ প্রতিরোধের দায়িত্ব দেয়া হয়েছে। বাল্যবিবাহ থেকে ফিরিয়ে এনে এসব কিশোর-কিশোরীকে তাদের জীবনমানের উন্নয়নে ব্যবস্থা করছি। ইতিমধ্যে অতি গরীব ১ কিশোর ও ৪ কিশোরীকে লেখাপড়ার ব্যবস্থা করেছি। সকলে মিলে বাল্যবিবাহকে লাল কার্ড দেখান। শিক্ষার হার বাড়ান। শিক্ষায় এখন মেয়েরা এগিয়ে। ছেলেরাও ভাল করতো। তারা অনেকেই লেখাপড়ায় মনোযোগী না। সবাই মিলে ইভটিজিংকে না বলুন। এখন কোথাও ইভটিজিংয়ের খবর পাওয়া যায় না। কোনো কোনো পিতা-মাতা মনে করেন কম বয়সে মেয়েকে বিয়ে দিয়ে অথবা ছেলেকে বিয়ে করিয়ে মাথার বুঝা কমাবেন। আসলে কম বয়সে বিয়ে হলে সারা জীবনের বুঝা মাথায় চেপে বসে। ঝুঁকি নিয়ে ঘর সংসার করতে হয় তাদের।’ অনুষ্ঠানে শিক্ষক, জনপ্রতিনিধি, কাজী, এনজিও প্রতিনিধি, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

  • [১]