- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বাস্তবায়নের দাবিতে উত্তর সুরমাবাসী একাট্টা

আকরাম উদ্দিন
সুনামগঞ্জ সদর উপজেলাসহ ৬ উপজেলার সাথে সড়ক যোগাযোগ নিশ্চিত করতে সদর উপজেলার সুরমা নদীর ওপর হালুয়ারঘাট-ধারারগাঁও সেতু নির্মাণের দাবি জানিয়েছেন সদর উপজেলা ও দোয়ারাবাজার উপজেলার বিশিষ্টজনেরা। এই দাবি আদায়ের লক্ষ্যে এলাকার আড়াই লাখ মানুষ এখন একাট্টা । তাঁরা হালুয়ারঘাট-ধারারগাঁও এলাকায় জরুরিভিত্তিতে সেতু নির্মাণ চান।
সেতু নির্মাণের দাবিতে ‘সুনামগঞ্জ উত্তর সুরমা উন্নয়ন পরিষদ’র ব্যানারে পালিত হচ্ছে বিভিন্ন কর্মসূচি। বিভিন্ন স্থানে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে সংগঠনের একটাই  স্লোগান ‘উত্তর সুরমায় উন্নয়ন চাই, হালুয়ারঘাট-ধারারগাঁও’এ সেতু চাই’।
মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম বলেন, ‘সুরমা নদীর উত্তরপাড়ে হাজার হাজার শিক্ষার্থী রয়েছেন। এসব শিক্ষার্থী শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করছেন। প্রতিদিন সুরমা নদী পাড়ি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসা-যাওয়া করতে হয় তাদের। এই সময় ঘটে নৌকা ডুবির ঘটনা ইতিপূর্বে কয়েকবার ঘটেছে। এছাড়া শিক্ষক, শিক্ষা কর্মকর্তারাও স্কুল মনিটরিং করতে নানা ভোগান্তির শিকার হন। আমাদের এলাকার সার্বিক উন্নয়ন এবং শিক্ষার উন্নয়নের জন্য হালুয়ারঘাট-ধারারগাঁও এলাকায় সুরমা নদীর ওপর সেতু নির্মাণ প্রয়োজন।’
উত্তর সুরমা উন্নয়ন পরিষদ’র আহ্বায়ক মো. আব্দুর রব বলেন, ‘আমরা হালুয়ারঘাট-ধারারগাঁও সেতু নির্মাণের জন্য সাংগঠনিকভাবে স্থানীয় জনগণকে উদ্বুদ্ধ করছি। আমাদের উত্তর সুরমা এলাকার রাস্তাঘাট, আমাদের জীবন জীবিকার উন্নয়নে সেতু নির্মাণের জন্য সদর উপজেলার ও দোয়ারাবাজার উপজেলার বাসিন্দাদের সাথেও আলোচনা চলছে। তাঁরাও আমাদের সাথে ঐক্যমত পোষণ করেছেন। এই      বিষয়ে সুনামগঞ্জের সন্তান পিএসসি’র চেয়ারম্যান ড. মুহাম্মদ সাদিক সাহেবের সাথেও যোগাযোগ রক্ষা করা হচ্ছে। আমরা দলমত নির্বিশেষে সকলের অংশগ্রহণ চাই।’
সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. উছমান গণী বলেন, ‘আমাদের দীর্ঘদিনের  স্বপ্ন সুরমা নদীর ওপর ‘হালুয়ারঘাট-ধারারগাঁও’ সেতু নির্মাণ। এই সেতু নির্মাণ হলে সুরমা নদীর উত্তরপাড়ের মানুষের জীবনমানের উন্নয়ন হবে। আমাদের উৎপাদিত কৃষিপণ্য দেশের বিভিন্ন স্থানে রপ্তানী করা যাবে।’
রঙ্গারচর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাই বলেন, ‘সেতু না থাকায় দিনে ও রাতে জেলা শহরে আসা-যাওয়ায় দারুণ ভোগান্তির শিকার হই আমরা। এই এলাকার উন্নয়ন ব্যাহত হচ্ছে। হালুয়ারঘাট-ধারারগাঁও এলাকায় সেতু নির্মাণ জরুরি প্রয়োজন।’
জাহাঙ্গীরনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. মকসুদ আলী বলেন, ‘আমাদের জীবনমানের উন্নয়নের জন্য সুরমা নদীর ওপর সেতু নির্মাণ জরুরি প্রয়োজন। আমরা এজন্য ‘সুনামগঞ্জ উত্তর সুরমা উন্নয়ন পরিষদ’র ব্যানারে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি।’
সুরমা ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুছ সত্তার বলেন, ‘স্বাধীনতার পর থেকে শুনে আসছি সুরমা নদীর ওপর সেতু নির্মাণ হবে। এই সেতু নির্মাণের জন্য হালুয়ারঘাট-ধারারগাঁও এলাকায় একাধিকবার মাটি পরীক্ষা ও এলাকা পরিমাপ করা হয়েছে। এখন সেতু বাস্তবায়নের জন্য আমরা সাংগঠনিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করছি।’
কুরবাননগর ইউনিয়নের চেয়ারম্যান মো. আবুল বরকত বলেন, ‘সুনামগঞ্জে সর্বপ্রথম সদর উপজেলার হালুয়ারঘাট-ধারারগাঁও সেতু নির্মাণ হওয়ার কথা ছিল। এখন যেহেতু ‘সুনামগঞ্জ উত্তর সুরমা উন্নয়ন পরিষদ’র ব্যানারে সেতু নির্মাণের দাবি উঠেছে, আমিও তাঁদের সাথে ঐক্যমত পোষণ করছি। আমরা সকলে মিলে সেতু নির্মাণের জন্য সরকারের নিকট জোর দাবি জানাই।’
দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান মো. জসীম উদ্দিন চৌধুরী বলেন, ‘ হালুয়ারঘাট-ধারারগাঁও সেতু নির্মাণ হলে বাংলাবাজার, নরসিংপুর, বোগলাবাজার, লক্ষীপুর, সুরমা ও দোয়ারাবাজার ইউনিয়নের প্রায় দেড় লক্ষাধিক মানুষ সড়ক যোগাযোগের সুবিধা ভোগ করতে পারবেন। এতে এলাকার অনেক উন্নয়ন হবে এবং যাতায়াত দুর্ভোগ কমে আসবে। আমরা অতি অল্প সময়ে জেলা শহরে পৌঁছাতে পারবো।’
লক্ষীপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আমিরুল হক বলেন, ‘লক্ষীপুরে উৎপাদিত কৃষিপণ্য জেলা শহরের বাজারে রপ্তানী করা যাবে। হালুয়ারঘাট-ধারারগাঁও সেতু নির্মাণ হলে এলাকার অনেক উন্নয়ন হবে। জরুরি প্রয়োজনে আমরা সুনামগঞ্জে ১ ঘণ্টায় পৌঁছাতে পারবো।’
বোগলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান মো. আরিফুল ইসলাম জুয়েল বলেন, ‘সেতু নির্মাণ হলে এলাকার উন্নয়নে আমূল পরিবর্তন আসবে।’
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন বলেন, ‘সুরমা নদীর উত্তরপাড়ের সকল মানুষই পরিশ্রমী। কৃষি প্রযুক্তি বিষয়ে তাঁদের ভাল ধারণা রয়েছে। এই এলাকায় প্রচুর কৃষিজাত পণ্য উৎপাদন হয়। কৃষিপণ্য বাজারজাতকরণের জন্য এবং এই এলাকার মানুষের জীবনমানের উন্নয়নের জন্য সেতু নির্মাণ প্রয়োজন। সুরমা নদীর ওপর সেতু নির্মাণ হলে উত্তর এলাকায় শুল্ক ষ্টেশন স্থাপনসহ অনেক শিল্প কারখানা গড়ে উঠবে।’

  • [১]